ক্যাপ্টন কুল হিসেবে পরিচিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাই তো সতীর্থরা বলেন, তার মাথা বরফের মতো ঠান্ডা। মাঠে পরিস্থিতি যত খারাপ হোক, ক্রিকেট মাঠে মাথা গরম করতে দেখা যায়নি তাকে।
ভারতীয় দলের অধিনায়ক থাকাকালে ঠান্ডা মাথায় ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন ধোনি। তিনিই নাকি রেগে গিয়েছিলেন ভারতের ড্রেসিংরুমে। দলের তারকা দুই ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দল থেকে বাদ দেওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি।
সাজঘরের এমন গোপন কথা প্রকাশ করেছেন ভারতের সাবেক ফিল্ডিং কোচ আর শ্রীধর। তার আত্মজীবনীতে ড্রেসিংরুমের এমন গোপন কথা প্রকাশ্যে এনেছেন তিনি। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচের কথায় শ্রীধর বলেছেন, ‘২০১৪ সালে ফিরোজ শাহ কোটলাতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষের ম্যাচটি আমরা জিতেছিলাম। কিন্তু সেই ম্যাচের ফিল্ডিং খুব বাজে হয়েছিল। সেটিতে মেজাজ হারান ধোনি। ম্যাচ শেষে সাজঘরে সবার ক্লাস নিয়েছিলেন ধোনি।’
সেদিন সাজঘরে ধোনি কী বলেছিলেন, সেটাও আত্মজীবনীতে তুলে ধরেন শ্রীধর। অভিজ্ঞ থেকে শুরু করে তরুণ ক্রিকেটার, কথা শোনাতে কাউকে বাদ দেননি ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক।
শ্রীধরের কথায়, ‘ধোনি বলেছিলেন, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি। আমরা হয়তো জিতেছি। কিন্তু হেরে যেতেও পারতাম। যদি ফিল্ডিং ও ফিটনেসের মান না বাড়ে, তা হলে বিশ্বকাপের দলে জায়গা পাওয়া যাবে না। সে যত বড় নামই হোক না কেন। নিজের যোগ্যতা আগে প্রমাণ করতে হবে।’
শ্রীধর জানান, ধোনিকে মাথা গরম করতে দেখে ড্রেসিংরুমে থাকা ক্রিকেটাররা চমকে গিয়েছিলেন। তবে ধোনির কথা খুব গুরুত্ব দিয়ে শুনেছিলেন সকলে। এর ফল পরের কিছু সিরিজে পেয়েছিল ভারত।