1. shahajahanbabu@gmail.com : admin :
‘ছায়া’ সিনেমা দিয়ে অভিনয়ে ফিরলেন নব্বইয়ের আলোচিত মডেল পল্লব - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন



‘ছায়া’ সিনেমা দিয়ে অভিনয়ে ফিরলেন নব্বইয়ের আলোচিত মডেল পল্লব

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

দীর্ঘ ১৫ বছর পর চলচ্চিত্র দিয়ে অভিনয়ে ফিরলেন এক সময়ের আলোচিত মডেল–অভিনেতা পল্লব। ২০০৮ সালে ওয়াজেদ আলী সুমনের ‘বিয়ে বাড়ি’ সিনেমা করার পর কাজের বিরতি নিয়েছিলেন। কাকতালীয়ভাবে সেই একই পরিচালকের ‘ছায়া’ সিনেমা দিয়ে অভিনয়ে ফিরলেন তিনি। ২ এপ্রিল পাবনার লোকেশনে শুরু হয়েছে ছবিটির শুটিং।

পল্লব  বলেন, ‘মাঝে একটি ছবিতে অতিথি চরিত্র করেছি। ১৫ বছর পর পূর্ণাঙ্গভাবে “ছায়া” সিনেমাটি দিয়ে কাজে ফেরা বলা যায়।’

কাজে ফিরে ভালো লাগার কথা জানালেন পল্লব, ‘অনেক দিন পর কাজ করছি, ভালো লাগছে। সেই ১৯৯১ সাল থেকে প্রায় ১৭ বছর টানা ক্যামেরার সঙ্গে দাঁড়িয়েছি। এ জায়গায়টি আমার অনেক দিনের চেনা। তাই কাজ করতে এসে নতুন মনে হচ্ছে না। চেনা জায়গায় ফিরে নিজের কাছে প্রশান্তি লাগছে।’

তাহলে এত দীর্ঘ সময় কাজ করেননি কেন—জানতে চাইলে এ মডেল ও অভিনেতা বলেন, ‘মাঝে আকস্মিকভাবে বড় ভাইয়ের মৃত্যু হয়, এরপর বাবার মৃত্যু; বাসায় বৃদ্ধ মা। তা ছাড়া একটা ব্যবসাও আছে আমার। এসব কারণে মিডিয়ার কাজে বিরতি পড়েছে।’
অভিনেতা পল্লব জানান, চাইলে আরও আগে ফিরতে পারতেন। ‘চিন্তা করে দেখলাম, নতুন করে আবার ফেরার জন্য নিজেকে ফিট হতে হবে। উপযুক্ত হয়ে ফেরা উচিত। তা না হলে দর্শকের সঙ্গে একধরনের প্রতারণা করা হবে। তাই মাঝে নিজেকে সময় দিয়েছি। এখন সব গুছিয়ে, মানসিক ও শারীরিক প্রস্তুতি নিয়ে নামলাম’—বলেন পল্লব।
‘ছায়া’ ছবিটি দিয়ে ফেরা প্রসঙ্গে পল্লব বলেন, ‘প্রায় ১৫ বছর আগে সুমন ভাইয়ের সঙ্গে সিনেমায় কাজ করেছি। কিছুদিন আগে তিনি এ ছবির চিত্রনাট্য আমাকে পাঠালেন। পড়ার পর মনে হলো, কাজের অনেক সুযোগ আছে। চরিত্রটির মধ্যে দর্শকেরা ভিন্ন কিছু পাবেন। তাই রাজি হলাম।’

ছবিতে সায়াম চরিত্রে অভিনয় করছেন পল্লব। একজন নব্য শিল্পপতির চরিত্র এটি। পারিবারিক ড্রামা এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বার্তা দেওয়া হয়েছে ছবির গল্পে।

এখন থেকে নিয়মিত কাজ করবেন কি না—প্রশ্নের উত্তরে এ অভিনেতার ভাষ্য, ‘আর বিরতি নয়, এখন থেকে নিয়মিত কাজ করব। নাটক, সিনেমা, বিজ্ঞাপন, ওটিটি—সব মাধ্যমে চরিত্র পছন্দ হলে কাজ করব। যত দিন বাঁচব, মিডিয়ার কাজ নিয়ে থাকতে চাই।’

কথায় কথায় পল্লব জানালেন, চলতি বছরের যেকোনো সময় তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেমের বিয়ে নয়, একজনকে আমার পছন্দ। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে পরিবারকে জানানো হয়নি। জানিয়ে এ বছর বিয়ে করতে চাই।’

‘ছায়া’ ছবির পরিচালক জানিয়েছেন, ১৫ এপ্রিল ছবিটির পাবনার অংশের শুটিং শেষ হবে। পল্লব ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন শবনম বুবলী, লুবাবা, অর্নিল প্রমুখ। ‘ছায়া’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ।
১৯৯১ সালে বিজ্ঞাপনে মডেল ও ১৯৯৫ সালে অভিনয়ে অভিষেক হয় পল্লবের।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST