ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমা। বহু বছর হলো তাঁদের দেখা হয় না। সম্প্রতি সপরিবার অস্ট্রেলিয়ার সিডনি ভ্রমণে গিয়েছেন পূর্ণিমা। আর সিডনিতেই থিতু হয়েছেন শাবনূর। অস্ট্রেলিয়ায় ভ্রমণের শুরুর দিন থেকেই শাবনূরের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল পূর্ণিমার। অন্যদিকে পূর্ণিমার সিডনিতে অবস্থানের খবরে তাঁকে ‘হারিকেন জ্বালিয়ে’ খুঁজছিলেন শাবনূর। এই প্রতিবেদক ও পারিবারিক বন্ধু আমিন শাহীনের আমন্ত্রণে তাঁর বাড়িতেই এক হন এই দুই তারকা। পূর্ণিমার সঙ্গে দেখা করতে ছেলেকে নিয়ে গাড়ি চালিয়ে আসেন শাবনূর।
পূর্ণিমা সিডনিতে শাবনূরের সঙ্গে দেখা করে আনন্দিত বলে জানান। তিনি বলেন, ‘আমার খুবই পছন্দের অভিনেত্রী শাবনূর আপু। ফুলের পাপড়ির মতো সম্পর্ক আমাদের। আমার খুব পছন্দের একজন অভিনেত্রী আর আমি তাঁকে দেখেই চলচ্চিত্রে এসেছি, তাঁকে দেখেই শিখেছি। এখানে (সিডনিতে) শাবনূর আপুর সঙ্গে দেখা করাটা আনন্দের ও বিস্ময়ের। বাংলাদেশে আমরা দারুণ সময় কাটিয়েছিলাম। আর এত বছর পর আবার দেখা করতে পেরে বিস্ময় লাগছে।’
প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ভ্রমণে এসেছেন পূর্ণিমা। গত ২১ ফেব্রুয়ারি সপরিবার সিডনিতে পৌঁছেছেন তিনি। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন স্বামী আশফাকুর রহমান ও কন্যা আরশিয়া উমাইজা। ব্যস্ত সময় থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে অবসর কাটাতে এই সফর। চলতি সপ্তাহেই দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
‘নিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘বলো না ভালোবাসি’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন পূর্ণিমা ও শাবনূর। নাটক, টিভি, সিনেমা, উপস্থাপনা, রিয়েলিটি শোর বিচারকসহ এখনো নানা ধরনের কাজ করে চলেছেন পূর্ণিমা। অন্যদিকে নতুন করে কবে আবার চলচ্চিত্রে ফিরবেন শাবনূর, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ভালো কোনো গল্প পেলে আবার এক পর্দায় কাজ করবেন বলে দুজনই জানিয়েছেন।