টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে নিজের ক্যারিয়ারের সূচনা করেন নুসরাত ফারিয়া । তারপর বড় পর্দায় ব্যস্ত হন তিনি। তবে এখন সেই আগের কাজে ফিরবেন ফারিয়া। মাঝে মাঝেই তাকে কাঁধে নিতে হয় উপস্থাপনার দায়িত্ব। একই দৃশ্য দেখা যাবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের মঞ্চে। এবারের এ অনুষ্ঠানের উপস্থাপনা করবেন ফারিয়া। আগামী ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পেয়ে খুবই উচ্ছ্বসিত ফারিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমি নেচেছি। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি।
বিষয়টি ভেবে ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন আয়োজনে, তাই ভয়ও কাজ করছে। তবে এটাও সত্যি, আমার কাছে উপস্থাপনাকে ভীষণ চালেঞ্জিং মনে হয়। যারা আমাকে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনার জন্য নির্বাচিত করেছেন, তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এখন শুধু সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা- ঠিকঠাকভাবে যেন সবার ভালো লাগার মতো উপস্থাপনা করতে পারি। গত মাসে ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত ‘ভয়’ সিনেমাটি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে এ নায়িকার ‘আবার বিবাহ অভিযান’ ছবিটি। ছবি দুটির বিপরীতে অভিনেতা ছিলেন অঙ্কুশ।