1. shahajahanbabu@gmail.com : admin :
সবার আগে শেষ আটে উইন্ডিজ - Pundro TV
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন



সবার আগে শেষ আটে উইন্ডিজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

বছরের শেষে ‘৬’, ভারতের মাটিতে বিশ্বকাপ আর ডাগআউটে ড্যারেন সামি। এই সমীকরণটাই তো এক দশক আগে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছিল বিশ্বকাপ। যে দলটাকে বিশেষজ্ঞরা পাত্তাই দেয়নি, মার্ক নিকোলাস যাদের বলেছিলেন ‘মগজবিহীন ক্রিকেটার’। এবারও হতে যাচ্ছে সে রকমই কিছু একটা! নেপালকে ৯ উইকেটে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে ২০ দলের বিশ্বকাপে সবার আগে শেষ আটে যাওয়াটা নিশ্চিত করেছে ক্যারিবীয়রা।

নেপালের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের জেতারই কথা, অন্তত সাধারণ ক্রিকেট দর্শকদের ভাবনায় তো এটাই স্বাভাবিক। ক্যারিবিয়ানের ক্রিকেট তলানিতে ঠেকলেও টি-টোয়েন্টিতে এখনো তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সংখ্যা। শ্রীলঙ্কায় ও ভারতে, ৪ বছরের ভেতর দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, নেতৃত্বে ছিলেন সামি। ২০২৫ সালের সেপ্টেম্বরে, নেপালের কাছেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাই বিশ্বকাপেও হেরে যাওয়াটা অস্বাভাবিক হতো না! তবে এমন কিছুই হয়নি ওয়াংখেড়েতে। ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর সতর্ক ব্যাটিং গোটা ম্যাচে একটা মুহূর্তের জন্যও ম্যাচের লাগাম প্রতিপক্ষের হাতে যেতে দেয়নি। বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জেসন হোল্ডার, বুদ্ধিদীপ্ত বোলিংয়ে গতির তারতম্য এনে ক্যাচ দিতে বাধ্য করেছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন হোল্ডার, ৪টাই ক্যাচ আউট। এরপর ব্যাটিংয়ে অধিনায়ক শাই হোপের ৪৪ বলে ৬১* রানের দায়িত্বশীল ইনিংসে রান তাড়াতেও কোনো অঘটনের আশঙ্কা জাগতে দেননি।

টস জিতে বোলিং নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। আকিল হোসেনের স্পিন দিয়ে বোলিং শুরু করান, প্রথম ওভারেই কুশাল ভুরতেলকে বোল্ড করেন তিনি। এই নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থবারের মতো ভুরতেলের উইকেট নিয়েছেন আকিল। নিজের পরের ওভারে এসে অবশ্য একটু ব্যয়বহুলই হয়ে যান আকিল, এরপর স্পিন সরিয়ে মিডিয়াম পেসার হোল্ডারকে বল দেন অধিনায়ক হোপ। আক্রমণে এসে প্রথম বলেই হোল্ডারের উইকেট। ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন আসিফ শেখ। তার ভাই আরিফ শেখও হোল্ডারের শিকার। অন্যপ্রান্তে ম্যাথু ফোর্ড, শামার জোসেফরাও উইকেট তুলে নিচ্ছিলেন নিয়মিত বিরতিতে। মাঝের ওভারে হোপ আবার ফিরিয়ে আনেন স্পিন, রোস্টন চেজ আউট করেন গুলশান ঝা’কে। দীপেন্দ্র সিং আইরি একটা প্রান্ত আগলে রান করেছেন, হাফসেঞ্চুরির পর ৩টা করে চার আর ছক্কা মেরে ৪৭ বলে ৫৮ রান করে আইরিকে ফিরিয়েছেন হোল্ডারই। ইনিংসের শেষ বলে কারান কেসিকে আউট করে চতুর্থ শিকার হোল্ডারের। ৮ উইকেটে ১৩৩ রানে থামে নেপাল, যে রানটা তাড়া করতে ওয়েস্ট ইন্ডিজের লেগেছে ১৫.২ ওভার।এই মাঠেই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে, লেন্ডল সিমন্সের সেঞ্চুরিতে স্বাগতিক ভারতকে হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারে অবশ্য তেমন নাটকীয় কিছু হয়নি। ব্রেন্ডন কিংকে দলীয় ৪৩ রানে হারানোর অধ্যায়টুকু বাদ দিলে ক্যারিবীয়দের ইনিংসে কোনো খুঁত নেই। শেই হোপের নিয়ন্ত্রিত তবে আগ্রাসী ব্যাটিং, ( ৪৪ বলে ৬১*, ৫ চার ও ৩ ছক্কা) সঙ্গে শিমরন হেটমায়ারের যোগ্য সংগত (৩২ বলে ৪৬*) ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছে অনায়াস জয়। ম্যাচের পর সংবাদ সম্মেলনেও হোপকে জবাব দিতে হয়েছে নেপালের কাছে সিরিজ হারের, যেটা ছিল তার ব্যাটিংয়ের মতোই দাপুটে, ‘সেটা অতীত। আমি আগেও বলেছি, ওটা এখন ইতিহাস। আমাদের বর্তমানে থাকতে হবে। আমাদের লক্ষ্য ছিল নিজেদের সেরা ক্রিকেট খেলা নিশ্চিত করা, কারণ নেপাল কার বিপক্ষে বা কোথায় খেলছে সেটা বড় কথা নয়, তারা একটি খুব ভালো দল। তাই আজ আমাদের আবারও সেরা খেলাটা  উপহার দেওয়ার দরকার ছিল। যেমনটা বললাম, ওটা অতীত ছিল; তারা তখন ভালো ক্রিকেট খেলেছিল। কিন্তু আজ সুপার এইট নিশ্চিত করতে আমাদের এই বাধা পার হওয়া প্রয়োজন ছিল।’ প্রথম দল হিসেবে

সুপার এইট পর্ব নিশ্চিত করাটাও হোপের জন্য স্বস্তির, ‘এটা দারুণ অনুভূতি। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল এটাই। যখন আমরা বিমানে উঠে এখানে আসার জন্য রওনা দিয়েছিলাম, এটাই ছিল আমাদের প্রথম ধাপ। আমরা সবাই ট্রফি জিততে চাই, কিন্তু সেখানে পৌঁছানোর একটি প্রক্রিয়া আছে। তাই আমাদের সেরা ক্রিকেট খেলা চালিয়ে যেতে হবে। আশা করি আমরা আমাদের ফর্মের তুঙ্গে থাকতে পারব এবং একটি শক্তিশালী ইউনিট হিসেবে সব বিভাগে উন্নতি করতে পারব। যখন কঠিন সময় বা চাপের মুহূর্ত আসবে, তখন যেন আমরা সুযোগগুলো কাজে লাগিয়ে শীর্ষে থাকতে পারি।’

গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচ ইডেন গার্ডেনসে ইতালির বিপক্ষে। এরপর সুপার এইটের প্রথম ম্যাচ খেলতে ফিরে আসতে হবে মুম্বাইতেই।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST