চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট পাচার করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ১,২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়। জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো চট্টগ্রাম কাস্টমস-এর নিকট হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, দেশের অর্থনীতি ও বৈধ বাণিজ্য সুরক্ষায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।