কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের প্রত্যন্ত এলাকার একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় বন্দুকধারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
পুলিশ জানায়, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ‘অ্যাকটিভ শ্যুটার’ বা সক্রিয় বন্দুকধারীর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। স্কুলের ভেতর থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। আরো একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরে স্কুল-সংলগ্ন একটি বাড়ি থেকে আরো দু’জনের লাশ পাওয়া যায়। পুলিশ ধারণা করছে, ওই বাড়ির ঘটনাও স্কুলের গুলিবর্ষণের সাথে সংশ্লিষ্ট।
আরসিএমপি জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। কানাডিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মোবাইলে পাঠানো সতর্কবার্তায় সন্দেহভাজনকে বাদামি চুলের, পোশাক পরা এক নারী হিসেবে বর্ণনা করা হয়। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি।
গুলিবর্ষণের ঘটনায় দুজনকে গুরুতর আহত অবস্থায় এয়ারলিফট করে হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া প্রায় ২৫ জনকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে কতজন শিক্ষার্থী রয়েছে তা এখনো কিছু জানায়নি পুলিশ।
ঘটনার পরপরই টাম্বলার রিজ এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান ও দরজা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। পরে স্কুল তল্লাশি শেষে পুলিশ জানায়, আর কোনো সন্দেহভাজন নেই এবং জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।
এদিকে স্থানীয় স্কুল জেলা কর্তৃপক্ষ জানায়, মর্মান্তিক এ ঘটনার পরিপ্রেক্ষিতে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুল সপ্তাহের বাকি সময় বন্ধ থাকবে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানসিক সহায়তার ব্যবস্থা করা হবে।
ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তা ও সলিসিটর জেনারেল নিনা ক্রিগার এক বিবৃতিতে বলেন, ‘আজকের মর্মান্তিক ঘটনা পুরো সম্প্রদায় ও রাজ্যকে নাড়া দিয়েছে। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’প্রায় ২ হাজার ৪০০ জনসংখ্যার ছোট্ট শহর টাম্বলার রিজ ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১ হাজা ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। কয়লাখনি ও ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কারের জন্য পরিচিত এ জনপদে এমন ঘটনায় পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।