থাইল্যান্ডের ব্যাংককে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্দা উঠছে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের। মঙ্গলবার এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ঘোষিত দলে আছেন ১৪ জন ক্রিকেটার। স্ট্যান্ডবাই তালিকায় আছেন আরো ৪ জন। এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফাহিমা খাতুন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
নারী এশিয়া রাইজিং স্টার্সে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলছে ভারত পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
টুর্নামেন্ট শুরুর দ্বিতীয়দিন ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। আর ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সবুজের মেয়েরা।
১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিটি দলই তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি দল উঠবে সেমিফাইনালে। আর ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ দলফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল ও ফাতেমা জাহান।