1. shahajahanbabu@gmail.com : admin :
এক বছর আগে মারা যাওয়া বিএনপি নেতা হলেন আসামি - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন



এক বছর আগে মারা যাওয়া বিএনপি নেতা হলেন আসামি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বিএনপির ঢাকা মহানগর উত্তরের ২৩ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাসির রহমান (৪৫) লিভার সিরোসিসে গত বছর অক্টোবরে মারা গেছেন। অথচ গত ২৮ অক্টোবর রামপুরার ডিআইটি রোডে ককটেল বিস্ফোরণের মামলায় তাঁকে আসামি করা হয়েছে।

রামপুরা থানায় গত ২৯ অক্টোবর মামলাটি করেছেন ওই থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল। মামলায় আসামির তালিকায় নাসির রহমানসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৪১ জন নেতা–কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাতপরিচয় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিটে রামপুরার ডিআইটি সড়কে নাসির রহমানসহ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ বিএনপি–জামায়াতের নেতা–কর্মী ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে তাঁরা সেখানকার পুলিশের ট্রাফিক বক্স ভাঙচুর করেন। পুলিশকে হত্যার উদ্দেশ্যে আসামিরা ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ বিষয়ে জানতে চাইলে নাসির রহমানের স্ত্রী রিনা রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু লিভার সিরোসিসে ভুগে গত বছরের ৭ অক্টোবর তিনি মারা গেছেন। কিন্তু এখন শুনছি, আমার স্বামী নাকি গত ২৮ অক্টোবর রামপুরার ডিআইটি রোডে নাশকতা করেছেন। একজন মৃত মানুষের নামে কীভাবে মামলা হয়, আমি জানি না।

মৃত বিএনপি নেতাকে আসামি করার বিষয়ে জানতে চাইলে এসআই আবদুল জলিল রোববার প্রথম আলোকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমি সেদিন বাদী হয়ে মামলা করেছিলাম। প্রাথমিকভাবে যেসব তথ্য পেয়েছিলাম, তার ভিত্তিতে নাসির রহমানসহ অন্যদের নাম উল্লেখ করে মামলা করেছিলাম। আমার জানা ছিল না, নাসির রহমান আগেই মারা গেছেন। পরে শুনেছি তিনি মারা গেছেন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত শুরু করার পর বাদী তাঁকে জানিয়েছেন, মামলার এজাহারনামীয় আসামি নাসির রহমান মারা গেছেন। পরে তাঁর নাম মামলা থেকে বাদ দেওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন।

কেন এমন হলো, জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান প্রথম আলোকে বলেন, যখন এই মামলা হয়, তখন তিনি রামপুরা থানার দায়িত্বে ছিলেন না। পরে দায়িত্বে নিয়ে জানতে পেরেছেন, একটি মামলার এজাহারে মৃত ব্যক্তির নাম রয়েছে। বাদীর বিস্তারিত খোঁজখবর নিয়ে মামলা করা উচিত ছিল বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

আসামির তালিকায় অ্যাডভোকেট সানাউল্লাহ হক

এই মামলায় সানাউল্লাহ হক নামের একজন আইনজীবীকে আসামি করা হয়েছে। তাঁর বিষয়ে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অ্যাডভোকেট সানাউল্লাহ হক (৫০), টিভি রোড, বাসা নম্বর ৩৮৫, রামপুরা, ঢাকা। সরেজমিনে ওই এলাকায় গিয়ে ৩৮৫, টিভি টাওয়ার রোড ঠিকানায় একটি বাড়ি পাওয়া যায়। ওই বাড়ির নিচতলার দর্জির দোকানি আবুল কালাম প্রথম আলোকে বলেন, সানাউল্লাহ হক নামের কোনো উকিল এই বাড়িতে থাকেন না। তবে এই এলাকায় সানাউল্লাহ মিয়া নামের একজন উকিল ছিলেন, তিনি মারা গেছেন।

পরে খোঁজ নিয়ে দেখা যায়, টিভি টাওয়ার রোডের ৩৮৪/৭/এ নম্বর বাসার মালিক ছিলেন বিএনপির সাবেক আইন সম্পাদক প্রয়াত সানাউল্লাহ মিয়া। তাঁর ছেলে শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রামপুরার টিভি রোডে আমার বাবা বাড়ি তৈরি করেন ২০০৪ সালে। আমার জানামতে, টিভি রোডে সানাউল্লা হক নামের কোনো আইনজীবী বসবাস করেন না। আমার বাবা মারা গেছেন ২০২০ সালের মার্চ মাসে।

টিভি রোডে লামিয়া স্টোর নামের একটি মুদিদোকানের মালিক আবু বক্কর বলেন, এই এলাকায় তিনি ৩০ বছর ধরে বসবাস করছেন। সানাউল্লাহ হক নামের কোনো উকিল নামে কাউকে কোনো দিন দেখেননি। তবে সানাউল্লাহ মিয়া নামের যে আইনজীবী ছিলেন, তিনি বিএনপি করতেন। তিনি তো মারা গেছেন।

এ বিষয়ে মামলার বাদী এসআই আবদুল জলিল বলেন,সোর্স থেকে অ্যাডভোকেট সানাউল্লাহ হকের নাম পেয়েছিলাম, তাই তাঁর নাম এজাহারে উল্লেখ করেছি।

রামপুরা থানার ওসি মশিউর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া পরিচিত ব্যক্তি। তিনি মারা গেছেন, সেটা আমরা সবাই জানি। কিন্তু সানাউল্লাহ হক নামে যে আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে, সে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।
তদন্ত কর্মকর্তা এসআই চম্পক চক্রবর্তী বলেন, সানাউল্লাহ হক নামের যে আইনজীবীর নাম বাদী উল্লেখ করেছেন, তাঁকে খুঁজে বের করার চেষ্টা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল  বলেন, আমার জানামতে সানাউল্লাহ হক নামের কোনো আইনজীবী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নেই।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST