চিকিৎসকদের মতে, যে খাবারটা পাকস্থলীতে গেল সেটা হজম হতে তো সময় লাগবে। স্বাভাবিক হাঁটাচলা করলে ক্যালরি খরচ হবে। হজমও হবে দ্রুত। কিন্তু বসে থাকলে একই খাবার হজম হতে বেশি সময় নেবে। ফলে পেট ভার হয়ে থাকা, গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে।এ ছাড়া রক্ত সঞ্চালন কম হওয়ার জন্যও হজমশক্তির ওপর প্রভাব পড়ে। চিকিৎসকদের মতে, বসে থেকে কাজ করার জন্য সবচেয়ে বেশি সমস্যা হয় কোষ্ঠের। সহজে পেট পরিষ্কার হয় না। অন্ত্রে বর্জ্য থেকে যায়। অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে।
দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস এ ছাড়া পরিপাক তন্ত্রে থাকা হজমে সহায়ক মাইক্রোবিয়োমের ক্ষতি করে।
কেন গুরুত্ব দেবেন
পেটের স্বাস্থ্য ভালো থাকলে শরীরের বহু রোগ দূরে থাকে। কারণ পেটের স্বাস্থ্যের ওপর নির্ভর করে রোগ প্রতিরোধ ক্ষমতা, হরমোনের স্তর এবং শরীরের ওজনও। যা পরোক্ষে হার্টের স্বাস্থ্য, মস্তিষ্ক সঞ্চালন, এমনকি, মেজাজের দিশাও ঠিক করে দেয়। পেটের স্বাস্থ্যের সরাসরি প্রভাব পড়ে ত্বকেও। তাই পেটের স্বাস্থ্য ঠিক রাখা অত্যন্ত জরুরি।
কী করা উচিত
- বসলে মেরুদণ্ড সোজা করে বসুন।
- নিয়মিত বিরতি নিন। অন্তত ৩০-৪৫ মিনিট পরপর ডেস্ক থেকে উঠে সামান্য হাঁটাহাঁটি করে নিন। এ সময় কাউকে ফোন করার মতো কাজও করে নিতে পারেন।
- ফাইবার বেশি আছে এমন খাবার খান।
- দই জাতীয় প্রোবায়োটিক্স বেশি খান।
- ধোকলা, ইডলি, দোসা, মাখন তোলা দুধ জাতীয় জারিয়ে তৈরি করা খাবারও পেটের জন্য ভালো।
- পর্যাপ্ত ঘুম হচ্ছে কি না, সে দিকেও নজর দিন।
সূত্র : আনন্দবাজার