1. shahajahanbabu@gmail.com : admin :
জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই জি এম কাদেরের - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন



জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই জি এম কাদেরের

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ১২ মে, ২০২৪

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ রবিবার এ আদেশ দেন। এর ফলে জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড যথারীতি চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন-সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দলটি থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা লিভ টু আপিলটি করেছিলেন। লিভ টু আপিলকারী পক্ষে ৫ মে সময়ের আরজি জানানো হয়েছিল। আদালত ১২ মে শুনানির জন্য তারিখ রেখেছিলেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।

আদালতে জিয়াউল হক মৃধার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। সঙ্গে ছিলেন আইনজীবী গোলাম রব্বানী ও আবদুল্লাহ আল মামুন। জি এম কাদেরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মো. ওয়াজি উল্লাহ ও খাজা তানভীর আহমেদ।

পরে আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, লিভ টু আপিল খারিজ হওয়ায় জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল থাকল। জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড যথারীতি চালিয়ে যেতে পারবেন।

জিয়াউল হক মৃধার আইনজীবী গোলাম রব্বানী বলেন, আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টে রুল শুনানি করতে বলেছেন। এখন রুল শুনানির উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST