1. shahajahanbabu@gmail.com : admin :
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে অপহরণ, উদ্ধার হয়নি ১১ দিনেও - Pundro TV
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন



প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে অপহরণ, উদ্ধার হয়নি ১১ দিনেও

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে মাদারীপুরের কালকিনিতে ১২ বছর বয়সের এক মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ফাঁকা রাস্তা থেকে তুলে নিয়ে গেছে মেহেদী হাসান উকিল (১৭) নামে এক বখাটে।

ওই মাদ্রাসাছাত্রী অপহরণের ১০ দিন অতিবাহিত হলেও এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার সকালে মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের মো. জাহাঙ্গীর উকিলের ছেলে মেহেদী হাসান উকিল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু ওই মাদ্রাসাছাত্রী তার প্রেমে সাড়া না দিয়ে তার পরিবারকে জানায়।

পরে ওই মাদ্রাসাছাত্রীর পরিবার মেহেদী হাসান উকিলের পরিবার ও স্থানীয় মাতবরদের কাছে ওই বিষয়টি নিয়ে বিচার দেন। এতে মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে তার কয়েকজন সহযোগীদের নিয়ে গত ৯ জুলাই মাদ্রাসায় যাওয়ার পথে মুখ বেঁধে তুলে নিয়ে যায়। এর পর থেকে ওই মাদ্রাসাছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে মাদ্রাসাছাত্রীর দাদা বাদী হয়ে মেহেদী হাসানসহ কয়েকজনকে আসামি করে গত ১২ জুলাই কালকিনি থানায় একটি অপহরণ মামলা করেন।

ভুক্তভোগী কিশোরীর দাদা বলেন, আমার নাতনিকে মেহেদী হাসান উকিল তার লোকজন দিয়ে তুলে নিয়ে গেছে। আমি তাকে ফেরত চাই।

অভিযুক্ত মেহেদী হাসানের বাবা জাহাঙ্গীর উকিল জানান, তাদের দুজনকে আমরাও খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছি। কি কারণে নিয়ে গেছে বলতে পারবে না।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন জানান, থানায় অপহরণ মামলা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST