পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে কিছুটা পরীক্ষায় ফেলতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। কারণ, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ নয়—এই অবস্থান থেকে বিএনপির সরে আসা কঠিন। এ পটভূমিতে আওয়ামী লীগ নেতাদের অনেকে মনে করেন, বিএনপি সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী না দিলে দলটিতে অসন্তোষ হতে পারে। আবার আওয়ামী লীগের প্রার্থীর জয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ কমে যাবে। ফলে সুষ্ঠু ভোট হলে এটা নিয়ে সমালোচনার সুযোগও পাবে না বিএনপি।
আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগের বছরে পাঁচ সিটি করপোরেশনেই বিএনপি জয়ী হয়েছিল। তখন দলটি নিজেদের জনপ্রিয় দল হিসেবে প্রচার করেছিল। এবার আরেকটি জাতীয় নির্বাচনের আগে বিএনপির সামনে এই সুযোগ সৃষ্টি হয়েছে।