বিশ্বকাপের সফলতম দল ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই শনিবার শুরু হয়েছে সুপার টুয়েলভের লড়াই। আয়ারল্যান্ডের কাছে হেরে আগের দিন বিদায় ঘণ্টা বেজেছে ক্যারিবিয়ানদের। টুর্নামেন্ট থেকে আগেভাগে তাদের বিদায়কে ‘চরম গ্লানি’ হিসেবে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং।
স্কটল্যান্ডের কাছে ৪২ রানে হেরে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জিতে সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রাখে নিকোলাস পুরানের দল। কিন্তু হোবার্টে শুক্রবার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে পাত্তাই পায়নি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচে আগে ব্যাট করে ১৪৬ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। পরে স্রেফ ১ উইকেট হারিয়ে ১৭.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড এবং পেয়ে যায় সুপার টুয়েলভের টিকেট। এমন পারফরম্যান্সের পর চারদিক থেকে ধেয়ে আসা তীর্যক প্রশ্নের শিকার হয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা।
দেশটির ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রিকি স্কেরিট খোলামেলাই দলের ব্যাটসম্যানদের সমালোচনা করেছেন। তবে সুপার টুয়েলভে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচ শুরুর আগে পন্টিং আলোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিবেদনের জায়গা নিয়ে।
“এটি (ওয়েস্ট ইন্ডিজের বিদায়) চরম হতাশাজনক। তাদের ক্রিকেটের জন্য এটি খুবই খারাপ হলো। এই দলে অনেক প্রতিভা রয়েছে। তবু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বিশ্বকাপের পরবর্তী ধাপে যেতে পারল না।”
শুরুর স্কোয়াডে থাকলেও দুইবার অস্ট্রেলিয়ার বিমানে উঠতে ব্যর্থ হওয়ায় শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন বাঁহাতি ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। পন্টিংয়ের মতে, ওয়েস্ট ইন্ডিজের এসব ক্রিকেটাররা বিশ্বকাপকে খুব ছোট ইভেন্ট হিসেবে মনে করেন।
“তাদের একজন খেলোয়াড় এখানে (অস্ট্রেলিয়া) আসার ফ্লাইট ধরতে পারেনি। এসব ঘটনাই বুঝিয়ে দেয় যে, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের কাছে বিশ্বকাপ কত ছোট ইভেন্ট! এছাড়া তারা যেভাবে খেলেছে, তা দেখে আপনিও একই কথা বলবেন। নিকোলাস ও যারা আছে… গত কয়েক সপ্তাহে আমরা যেমন দেখেছি, তার চেয়ে অনেক ভালো খেলোয়াড় তারা। কোনো সন্দেহ নেই দেশে ফেরার পর তারা অনেক প্রশ্নের উত্তর খুঁজবে।”
“অন্য যে কারও চেয়ে তারাই বেশি হতাশ হবে। আমার জন্য এখানে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের বিদায়কে অমর্যাদার বলা সহজ। তবে এটি তাদেরকেই সবচেয়ে বেশি পীড়া দেবে। এখানে আসার তাদের নিশ্চয়ই বড় চিন্তা ও স্বপ্ন ছিল। কিন্তু তারা সেটি পূরণের ধারেকাছেও যেতে পারেনি। তাই তাদের অনেক কাজ করতে হবে।”