1. shahajahanbabu@gmail.com : admin :
১৩ বলে তাণ্ডবে ‘সমালোচনার জবাব’ শানাকার - Pundro TV
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন



১৩ বলে তাণ্ডবে ‘সমালোচনার জবাব’ শানাকার

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১২ জুন, ২০২২

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শনিবার এই ব্যাটিং বীরত্ব দেখান শানাকা। পাল্লেকেলেতে ১৭৭ রান তাড়ায় একসময় বড় পরাজয়ের মুখে ছিল লঙ্কানরা। ষোড়শ ওভারে যখন ভানিন্দু হাসারাঙ্গা আউট হলেন, দলের রান তখন ৬ উইকেটে ১০৮। স্রেফ ৪ উইকেট নিয়ে তখনও প্রয়োজন ২৬ বলে ৬৯ রান।

শানাকা টাইমিং করতে ভুগতে থাকায় সেই সমীকরণ পরে দাঁড়ায় ৩ ওভারে ৫৯ রানে। শানাকা তখন উইকেটে ১২ বলে মাত্র ৬ রান করে।

অষ্টাদশ ওভারে জশ হেইজেলউডকে আক্রমণে ফেরান অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। উদ্দেশ্য, খেলা শেষ করে দেওয়া। তখনও পর্যন্ত হেইজেলউডের বোলিং বিশ্লেষণ চোখধাঁধানো ৩-১-৩-২!

কে জানত, ওই ওভার থেকেই নাটকীয় মোড় নেবে ম্যাচ!

ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন চামিকা করুনারত্নে। পরের চার বলে টানা দুটি ছক্কা ও দুটি চার মারেন শানাকা। শেষ বলে সিঙ্গেল নিয়ে ধরে রাখেন স্ট্রাইক। ওভার থেকে আসে ২২ রান। পরের ওভারে তিনি ছক্কা-চার মারেন জাই রিচার্ডসনকে। সঙ্গে করুনারত্নের বাউন্ডারিতে ওভার থেকে আসে ১৮ রান।

শেষ ওভারে তার পরও প্রয়োজন ১৯ রানের।

কেন রিচার্ডসন প্রথম দুটি বল করেন ওয়াইড, পরের দুই বলে আসে সিঙ্গেল। এরপর আবার শানাকার ঝলক। ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারার পর তিনি আরেকটি বাউন্ডারি মারেন সোজা। পঞ্চম বলে ফুল টস পেয়ে উড়িয়ে দেন বিশাল ছক্কায়!

পরের বল আবার ওয়াইড। এক বল বাকি থাকতেই অসাধারণ জয় শ্রীলঙ্কার। শানাকা অপরাজিত থাকেন ২৫ বলে ৫৪ রানে। শেষ তিন ওভারে ১৩ বল খেলে লঙ্কান অধিনায়ক করেন ৪৮ রান!

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST