জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি বলেছেন, ‘কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে।’
আজ শনিবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাঁদপুর সফরের পথে কুমিল্লায় সংক্ষিপ্ত এই পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতে সরকারের নানা উন্নয়ন ও কল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানি দেওয়া শুরু হয়েছে। বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে।’
দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘সবাই যাতে স্বাবলম্বী হতে পারে, সেজন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তা নিশ্চিত করতে হবে। জনগণই দেশের মালিক; মালিক যখন দায়িত্ব নেয়, তখনই দেশ এগিয়ে যায়।’
বিগত সরকারের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, ‘স্বৈরাচার যেমন দেশের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, তেমনি অর্থ লোপাটও করেছে। যার কারণে দেশের অর্থনীতি এখন কিছুটা চাপের মুখে রয়েছে।’ এই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জনগণই বিএনপির রাজনীতির মূল উৎস। আপনারা বিএনপির সঙ্গে থাকলে আমরা
দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।’
এর আগে শনিবার সকাল পৌনে ৯টায় রাজধানীর বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি কুমিল্লা ও চাঁদপুরে একাধিক উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।