1. shahajahanbabu@gmail.com : admin :
হালুয়াঘাটে কৃষকের ধান কেটে দিলো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ - Pundro TV
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন



হালুয়াঘাটে কৃষকের ধান কেটে দিলো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মে, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়।

ভিডিওতে দেখা যায় সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় গতকাল দুপুরে ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী ছাত্রলীগের লগো সম্বলিত সাদা টি-শার্ট ও মাথায় গামছা দিয়ে এক কৃষকের ধান কেটে দিচ্ছেন ও ধানখেতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।

এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক সাদ আরাফাত জয় জানান, বর্তমান সময়ে ধান কাটার শ্রমিক সংকট ও শ্রমিকের মজুরী অতিরিক্ত হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে যাচ্ছে।

তাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আল আমিন ভাইয়ের দিকনির্দেশনায় অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগ। আমরা অতীতেও সাধারণ মানুষের পাশে ছিলাম ও ভবিষ্যতেও জনগণের সকল সংকটে পাশে থাকবে ইনশাআল্লাহ।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগের নেতারা আত্মগোপনে চলে যান। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে প্রকাশ্যে আর তাদের কোনো কর্মসূচি করতে দেখা যায়নি। তবে বিভিন্ন সময় অল্প সময়ের জন্য বিভিন্ন দিবসে এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে সংগঠনটি জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা কর্মকাণ্ড পালন করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের জেলা পর্যায়ের এক নেতা দৈনিক বাংলাকে বলেন, আমাদের কার্যক্রম এখন নিষিদ্ধ। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা আমাদের ওপর মামলা ও হামলার ভয় দেখিয়ে এলাকাছাড়া করেছে। তাই আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দলীয় কর্মসূচি এবং সামাজিক কাজে অংশ নেই। গত দেড় বছরে বিভিন্ন স্থানে মানুষের উপকারে আসে, এমন সামাজিক কাজ করেছি। আস্তে আস্তে এ কাজগুলো সংখ্যা বৃদ্ধি করব। সামনে চেষ্টা করব তা প্রকাশ্যে করার।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST