২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রায় প্রথম দিনের, অর্থাৎ ২৩ মের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বুধবার। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
আজ সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি হয়েছে। আর বেলা ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।
রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে যাত্রার টিকিট, আগামী ১৪ মে বিক্রি হবে ২৪ মের টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে ঈদ উপলক্ষে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড (ফেরত) করা যাবে না।
যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে।
এদিকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টিকিট শুধু রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করতে। কারণ, নির্ধারিত মাধ্যম ছাড়া টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।