কক্সবাজারের টেকনাফে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। তার কাছে পাওয়া ইয়াবার মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা।
মঙ্গলবার (১২ মে) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তির নাম মো. আরাফাত উদ্দিন। তিনি কক্সবাজার সদরের ২নং ওয়ার্ডের খুরুশকুল দক্ষিণ ডেইল পাড়ার নুর মোহাম্মদের ছেলে।
সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার লেদা বাজার সংলগ্ন এলাকায় মঙ্গলবার বিকাল ৫টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকসহ এক মাদককারবারিকে আটক করা হয়।
জব্দ ইয়াবা, ইজিবাইক ও আটক মাদককারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।