খাগড়াছড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে মিশু ত্রিপুরা (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যার দিকে খাগড়াছড়ি-দিঘীনালা সড়কের ৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিশু ত্রিপুরা ৯ মাইল এলাকার বাসিন্দা সুপেন ত্রিপুরার ছেলে। সে ৯ মাইল জুনিয়র হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মিশু ও তার বন্ধু বিনয় গাছে উঠে আম পাড়ছিল। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডালের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ ঘটনায় মিশু ত্রিপুরা গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সন্ধ্যার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট স্কুলশিক্ষার্থীর হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত বিনয় ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।