বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে বক্স অফিস কাঁপানো ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজি এবার আইনি জটিলতায়। জনপ্রিয় এই সিনেমার পরিচালক জেমস ক্যামেরন ও প্রযোজনা সংস্থা ডিজনির বিরুদ্ধে মামলা ঠুকেছেন পেরুভিয়ান-জার্মান অভিনেত্রী কোরিয়ানকা কিলশার। তার অভিযোগ, ছবির প্রধান চরিত্র ‘নেইতিরি’ তৈরিতে অনুমতি ছাড়াই তার চেহারার আদল ব্যবহার করা হয়েছে।
৩৬ বছর বয়সী কিলশারের দাবি, ২০০৫ সালে ‘দ্য নিউ ওয়ার্ল্ড’ ছবিতে তার উপস্থিতি দেখেই ক্যামেরন নেইতিরি চরিত্রটি নকশা করার নির্দেশ দিয়েছিলেন। ক্যালিফোর্নিয়ার আদালতে দাখিল করা নথিতে বলা হয়, ২০১০ সালে একটি অনুষ্ঠানে ক্যামেরন স্বয়ং কিলশারকে নেইতিরির একটি স্কেচ উপহার দিয়ে লিখেছিলেন যে, এই চরিত্রের সৌন্দর্যের মূল অনুপ্রেরণা ছিলেন তিনি। এমনকি সাম্প্রতিক এক সাক্ষাৎকারেও ক্যামেরন অভিনেত্রী কিলশারের ছবি দেখিয়ে সেটিকে ‘প্রকৃত উৎস’ হিসেবে অভিহিত করেন।
জোয়ি সালডানা অভিনীত এই কালজয়ী চরিত্রটির মাধ্যমে শতকোটি ডলার আয় করলেও কিলশারকে কোনো কৃতিত্ব বা লভ্যাংশ দেওয়া হয়নি। এখন সেই বাণিজ্যিক ব্যবহারের ক্ষতিপূরণ ও লভ্যাংশের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এই অভিনেত্রী। এ বিষয়ে ক্যামেরন বা ডিজনি এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।