মেজর লিগ সকারে আবারও নিজের জাদু দেখালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার এক গোল ও দুই অ্যাসিস্টে দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি। টরন্টোকে ৪-২ গোলে হারানোর ম্যাচে নতুন ইতিহাসও গড়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
মাত্র ৬৪ ম্যাচে ১০০টি গোল ও অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করে মেজর লিগ সকারে দ্রুততম এই কীর্তির মালিক হয়েছেন মেসি। এর আগে এই রেকর্ড ছিল ইতালিয়ান তারকা সেবাস্তিয়ান গিওভিঙ্কোর দখলে। তিনি একই কীর্তি গড়তে খেলেছিলেন মেসির চেয়েও ৩১টি ম্যাচ বেশি।
২০২৩ সালে ইউরোপের ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মেসি। এরপর থেকে দক্ষিণ ফ্লোরিডার ক্লাবটির হয়ে এখন পর্যন্ত করেছেন ৫৯ গোল ও ৪১ অ্যাসিস্ট। মাঠে তার নেতৃত্বেই একাধিক শিরোপা জিতেছে মায়ামি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। প্রথমার্ধের ৪৪ মিনিটে রদ্রিগো ডি পলের ফ্রি-কিক প্রতিপক্ষের রক্ষণে প্রতিহত হলেও ফিরতি বলে জোরালো ভলিতে দলকে এগিয়ে নেন তিনি।
বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে সফরকারীরা। ৫৬ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। এরপর ৬৮ মিনিটে মেসির সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করেন সার্জিও রেগুইলন।
এরপর আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ৭৫ মিনিটে ডি পলের সঙ্গে বল আদান-প্রদানের পর পেনাল্টি স্পট থেকে বাঁ পায়ের নিখুঁত শটে জালে বল জড়ান মেসি। সেই গোলেই গড়ে ওঠে ইতিহাস।
৮০ মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে টরন্টোর গোলরক্ষক অসাধারণ দক্ষতায় সেটি ঠেকিয়ে দেন।
শেষদিকে স্বাগতিকরা দুই গোল শোধ দিলেও ম্যাচে ফেরার মতো কিছু করতে পারেনি। ৮২ ও ৯০ মিনিটে এমিলিও আরিস্তিজাবালের জোড়া গোলে ব্যবধান কমলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে মায়ামি।
এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। আর ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।