1. shahajahanbabu@gmail.com : admin :
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী - Pundro TV
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন



পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১০ মে, ২০২৬

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্য নিয়ে রোববার (১০ মে) থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। সকালে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুলিশ বাহিনীর সবচেয়ে বড় এ আয়োজনের শুরুতেই এসেছে বড় পরিবর্তন। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও এবার ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা এবং বিতর্কিত সদস্যদের নাম থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক প্রদান কার্যক্রম স্থগিত করে।জানা গেছে, মনোনীতদের মধ্যে অন্তত ১১ জন অতীতেও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে পদক পেয়েছিলেন। তাদের মধ্যে একজন কর্মকর্তা দুইবার পদক পেয়েছেন বলেও তথ্য রয়েছে। বিষয়টি ঘিরে পুলিশ বাহিনীর ভেতরেও ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে যে পদক দেওয়ার কথা ছিল, সেটি আপাতত হচ্ছে না। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ সদর দপ্তর সূত্রে আরও জানা গেছে, সরকারের ব্যয়সংকোচন নীতির কারণে এবারের আয়োজন সীমিত করা হয়েছে। আগে সাতদিনব্যাপী হলেও এবার পুলিশ সপ্তাহ চলবে চারদিন। কমানো হয়েছে অনুষ্ঠান ও অতিথির সংখ্যাও। তবে এ আয়োজনের মাধ্যমে পুলিশের মৌলিক কিছু দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST