1. shahajahanbabu@gmail.com : admin :
মহেশখালীতে হত্যা মামলার আসামি জমির উদ্দিন গ্রেফতার - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন



মহেশখালীতে হত্যা মামলার আসামি জমির উদ্দিন গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু ও হত্যা মামলার আসামি জমির উদ্দিনকে (৪০) আটক করেছে কোস্ট গার্ড। বুধবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটককৃত জলদস্যু জমির উদ্দিন মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইলের শহর মূল্লকের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ জমির বাহিনীর প্রধান হিসেবে ডাকাতি করে আসছিলো।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার পশ্চিম দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে এফবি আজুফা আক্তার মানু নামক একটি ফিশিং বোটে জলদস্যু জমির উদ্দিন বাহিনীর গুলিতে কুতুবদিয়ার শাহাদাত হোসেন খোকন নামক একজন জেলে নিহত হয়। উক্ত ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই নৃশংস ঘটনায় জড়িত আসামিদের আটক করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায়, বুধবার দুপুর দুইটায় কক্সবাজারের মহেশখালী থানাধীন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু ও হত্যা মামলার মূল আসামি জমিরকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত জলদস্যু জমিরের তথ্যের ভিত্তিতে, সোনাদিয়া দ্বীপের প্যারাবন হতে দুটি দেশিয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত জলদস্যুর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি-প্রতিদিন/টিএ

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST