অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম ইউটিউব। খুব সহজেই সার্চ বারে গিয়ে পছন্দের গান বা সিনেমা দেখতে পারেন। আর এবার সেই ভিডিও সার্চ অপশনেই বড় পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ফিচার চালু করার পরিকল্পনা করেছে ইউটিউব। ‘আস্ক ইউটিউব’ নামে এই সুবিধার মাধ্যমে এখন আর শুধু সার্চ বক্সে শব্দ লিখে খুঁজতে হবে না চ্যাট করেই পাওয়া যাবে পছন্দের ভিডিও।
বর্তমানে ইউটিউবে কিছু লিখে বা ভয়েস সার্চ দিয়ে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া যায়। এবার নতুন এআই ফিচারে ব্যবহারকারীরা সরাসরি চ্যাটবটের সঙ্গে কথোপকথন করে বা নির্দিষ্ট প্রম্পট ব্যবহার করেই ভিডিও খুঁজে নিতে পারবেন।
ইউটিউব জানিয়েছে, এই ফিচার চালু হলে সার্চ বারের পাশে বা ভিডিওর নিচে ‘আস্ক’ নামে একটি বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করলে প্রচলিত সার্চ রেজাল্টের বদলে একটি চ্যাট ইন্টারফেস খুলবে।
ব্যবহারকারীরা সেখানে প্রশ্ন লিখতে পারবেন, এমনকি আগে থেকে দেওয়া প্রম্পটও বেছে নিতে পারবেন। এরপর এআই সঙ্গে সঙ্গে উত্তর দেবে এবং ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো সংক্ষেপে তুলে ধরবে। ভিডিও চলার সময়ও প্রাসঙ্গিক তথ্য দেখাবে এই ফিচার। বর্তমানে ‘আস্ক ইউটিউব’ সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে তবে কেবল ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারছেন।
‘আস্ক ইউটিউব’ মূলত একটি চ্যাটভিত্তিক সার্চ সিস্টেম। এটি শুধু ভিডিও খুঁজেই দেবে না, বরং ভিডিওর সংক্ষিপ্তসার তৈরি, নির্দিষ্ট বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রয়োজনীয় তথ্যও তুলে ধরবে। ফলে ভিডিওতে থাকা পণ্য বা বিষয় সম্পর্কে জানতে আর আলাদা করে অন্য কোনও ওয়েবসাইটে যেতে হবে না।