1. shahajahanbabu@gmail.com : admin :
হাম ও হামের উপসর্গে মৃত্যু তিনশ ছুঁইছুঁই - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন



হাম ও হামের উপসর্গে মৃত্যু তিনশ ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৪ মে, ২০২৬

হাম ও হামের উপসর্গে দেড় মাসে প্রায় তিনশ শিশুর মৃত্যু হয়েছে। এমনকি গতকালও হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশু মারা গেছে। রোগটির উপসর্গ দেখা দিয়েছে ৪০ হাজারের বেশি শিশুর শরীরে। এদিকে হাম নিয়ন্ত্রণে রয়েছে এবং মৃত্যুহারও কমেছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স অ্যান্ড কন্ট্রোল রুমের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাম ও হামের উপসর্গে গতকাল দেশে আরও ১০ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল।

হামের উপসর্গ ছিল ৯ শিশুর। হাম শনাক্ত হয়ে শিশুটি ঢাকায় মারা গেছে। আর হামের উপসর্গে বরিশালে দুই, চট্টগ্রামে এক, ঢাকায় চার, খুলনায় এক ও সিলেটে এক শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ১৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামের উপসর্গে দেশে ২৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৫০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৪০ হাজার ৪৯১ শিশুর মধ্যে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ শিশু।

তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২৪ হাজার ৯০ শিশু। গত ১৫ মার্চ থেকে দেশে ৫ হাজার ৩১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।এদিকে গতকাল রোববার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের ক্ষেত্রে আমরা ৮১ শতাংশ টিকা কভার করেছি।

বাকিটাও শিগগির কভার করে ফেলব। শতভাগ শিশুকে দ্রুত টিকার আওতায় আনতে কাজ করছি। বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে এবং মৃত্যুহারও কমেছে। পর্যাপ্ত টিকা আছে এবং সারা দেশে টিকার সরবরাহও ঠিক আছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST