1. shahajahanbabu@gmail.com : admin :
মেনোপজের ফলে ত্বক জৌলুশ হারাচ্ছে? ত্বকের দেখভাল করলে উপকার - Pundro TV
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন



মেনোপজের ফলে ত্বক জৌলুশ হারাচ্ছে? ত্বকের দেখভাল করলে উপকার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৩ মে, ২০২৬

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়তে পারে। কিন্তু কিছু কিছু হরমোনের মাত্রার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য নয়। মেনোপজের সময় ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার ফলে ত্বকের ওপর বড় ধরনের প্রভাব পড়ে। ইস্ট্রোজেন কমে যাওয়ায় ত্বক ঝুলে পড়ে এবং কুঁচকে যেতে থাকে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া প্রাকৃতিক কারণে সম্ভব নয়। তবে চাইলে এবং সচেতন হলে ত্বকের বার্ধক্য ধীরগতির করতে পারেন।

ত্বক ও মেনোপজ

মেনোপজ আপনার ত্বকে অনেক পরিবর্তন আনে। এর ফলে শরীর আগের মতো কোলাজেন তৈরি বন্ধ করে দেয়। ত্বকের নিচের চর্বি কমে যায়, তাই এর স্থিতিস্থাপকতা কমে। হরমোনের এই পরিবর্তনের কারণে তৈরি হয় শুষ্কতা। এটি বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক ঝুলে পড়তে থাকে; বিশেষ করে ঘাড়, চোয়ালের রেখা এবং গালের চারপাশের ত্বক দ্রুত বার্ধক্যের শিকার হয়। ত্বকে সূক্ষ্ম রেখা ও বলিরেখা দেখা দিতে পারে। তাই বয়স ৫০ হলেই ত্বকের নিয়মিত কিছু যত্ন নিতে হবে। সেগুলো হলো—

পরিচ্ছন্নতায় মনোযোগ

পরিষ্কার করা ত্বকের যত্নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক শুষ্ক হয়ে যায়, তাই অতিরিক্ত আর্দ্রতা আপনার ত্বকের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। মূল বিষয়টি হলো, শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত একটি ক্লিনজার ব্যবহার করা। তাই ফোম বা জেল ক্লিনজারের পরিবর্তে এমন একটি ক্রিমি ফর্মুলা বেছে নিন, যা ত্বক হাইড্রেট করবে।

ত্বক হাইড্রেটেড রাখুন

তেল গ্রন্থিগুলোর সক্রিয়তা কমে যাওয়ার কারণে মেনোপজের পরে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই এ সময় ত্বকের প্রয়োজন ভারী ময়শ্চারাইজার। এ জন্য দীর্ঘক্ষণ ধরে গরম পানিতে গোসল করা এড়িয়ে চলুন এবং ত্বক ভেজা থাকা অবস্থায় ময়শ্চারাইজার লাগান। এটি ত্বকের হাইড্রেটিং ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

আপনার এখনো এসপিএফ প্রয়োজন

যদিও আপনার বয়স ২০, ৩০ এবং ৪০ নয়। তবু অতিরিক্ত রোদ লাগার কারণে ত্বকের ক্যানসার এবং বলিরেখা দেখা দেওয়া থেকে মুক্তি পেতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা চাই। ৩০ বা তার বেশি এসপিএফ যুক্ত একটি সানস্ক্রিন খুঁজুন এবং বাইরে বের হওয়ার আগে প্রতিদিন এটি ব্যবহার করুন।

বলিরেখা কম দেখাতে

বছরের পর বছর ধরে অতিরিক্ত রোদ লাগায় এবং মেনোপজের হরমোনজনিত পরিবর্তনের ফলে ত্বকে বলিরেখা দেখা দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনের মাত্রা কমে যাওয়ায় ত্বকের গুণমান পরিবর্তিত হতে পারে এবং বলিরেখা আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। তাই প্রতিদিন আপনার মুখ, চোয়ালের রেখা ও ঘাড়ে ময়শ্চারাইজার ব্যবহার করুন। এ ছাড়া ত্বকের যত্ন নেওয়ার জন্য এমন পণ্য খুঁজুন, যা সূক্ষ্ম রেখা আর ঝুলে যাওয়া রোধে সাহায্য করে এবং সামগ্রিকভাবে ত্বক উজ্জ্বল করে তোলে।

হাতের যত্ন নিন

মেনোপজের সময় আপনার হাতের উপরিভাগের অংশ থেকে আর্দ্রতা, কোলাজেন ও চর্বি কমে যেতে পারে। এর ফলে শিরাগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে এবং ত্বকে বলিরেখা দেখা দেয়। এ ছাড়া আপনার ত্বক পাতলা এবং হাড়সর্বস্ব দেখাতে পারে। তাই হাতে ঘন ঘন ময়শ্চারাইজার ব্যবহার করে রোদ থেকে হাত রক্ষা করুন।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান

কোলাজেন আপনার ত্বক তারুণ্যময় করে তোলে, সতেজতা দেয় এবং টানটান রাখে। আপনার শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমে গেলে, ত্বকের কোলাজেনও কমে যাবে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে তা আপনার ত্বক ভেতর থেকে আরও শক্তিশালী করতে সাহায্য করতে পারে। উজ্জ্বল রঙের ফল ও শাকসবজি খুঁজুন এবং খাওয়ার চেষ্টা করুন। সম্ভব হলে সয়া বড়ি বেশি করে খান। সয়া আইসোফ্ল্যাভোন সমৃদ্ধ, যা উদ্ভিদভিত্তিক যৌগ এবং শরীরে ইস্ট্রোজেনের মতো কাজ করে বলে মনে করা হয়।

মানসিক চাপ কমান

মানসিক চাপ আপনার ত্বক আরও শুষ্ক ও সংবেদনশীল করে তুলতে পারে। এটি হতে পারে সোরিয়াসিসের মতো রোগের কারণও। মানসিক চাপে থাকলে বেশির ভাগ মানুষের ক্ষেত্রে ত্বকের যত্নের নেওয়ার কথা ভুলে যাওয়া স্বাভাবিক। নিজেকে শান্ত রাখতে যোগব্যায়াম, ধ্যান এবং মানসিক চাপ কমানোর অন্যান্য কৌশল আয়ত্ত করার চেষ্টা করতে হবে। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।

পর্যাপ্ত ঘুম আপনার ত্বক সতেজ দেখাতে সাহায্য করবে। ঘুম চোখের নিচের কালো দাগ প্রতিরোধ করতে পারে এবং এটি আপনার শরীরের বাকি অংশকেও শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেয়। ঘুমের অভাব আপনার হরমোনের মাত্রা এবং বিপাকক্রিয়াকে বার্ধক্যের মতো বিভিন্ন উপায়ে পরিবর্তন করতে পারে। তাই প্রতি রাতে ৭ থেকে ৯ ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করুন।সূত্র: ওয়েবএমডি

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST