টানা কয়েকদিনের ভারি বৃষ্টিতে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে পানির ঢলে তলিয়ে যেতে শুরু করেছে কৃষকের খেতের ফসল। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোণার বিস্তৃত হাওর অঞ্চল এই আগাম বন্যার ঝুঁকির মুখে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলার নলজুর নদী জগন্নাথপুর পয়েন্টে, নেত্রকোণা জেলার ভুগাই-কংস নদী জারিয়াজাঞ্জইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোণা ও আটপাড়া পয়েন্টে এবং হবিগঞ্জ জেলার সুতাং নদী সুতাং-রেলওয়ে ব্রিজ পয়েন্টে প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; ভুগাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং ধনু-বাউলাই নদীর পানি সমতল স্থিতিশীল আছে।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে নেত্রকোণা জেলা। গত চারদিন ধরে নেত্রকোণাসহ উজানের ভারতীয় অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। এই প্রবণতা আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। যে কারণে সেখানে বন্যা পরিস্থিতির অবনতি এবং নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার ভুগাই-কংস ও ধনু-বাউলাই নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। বাউলাই নদী খালিয়াজুরী পয়েন্টে দ্বিতীয় দিনে প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে নেত্রকোণা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং নতুন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী দুই দিন বৃদ্ধি পেতে পারে। এই সময়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল সর্তকসীমায় প্রবাহিত হতে পারে।
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। জুড়ি নদীর পানি সমতল দ্বিতীয় দিনে এবং মনু ও খোয়াই নদীর পানি সমতল তৃতীয় দিনে দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর প্রবাহিত হতে পারে। ফলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।