হাওরাঞ্চলের ছয় জেলায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম ১২ দিন এগিয়ে এনেছে সরকার। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের আগেই আগামীকাল রোববার থেকে এসব এলাকায় ধান ও চাল কেনা শুরু হচ্ছে।
এর আওতায় আসা জেলাগুলো হলো—নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে থেকে নির্ধারিত সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হওয়ার কথা থাকলেও হাওরাঞ্চলের কৃষকদের ক্ষতির কথা বিবেচনায় নিয়ে ছয় জেলায় রোববার থেকেই একযোগে ধান ও চাল সংগ্রহ করা হবে।
তবে দেশের অন্যান্য জেলায় পূর্বনির্ধারিত সময়সূচিই বহাল থাকবে। সেসব এলাকায় ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।
সংগ্রহমূল্য হিসেবে প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
ধান-চালের পাশাপাশি প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।