1. shahajahanbabu@gmail.com : admin :
বেসরকারি শিক্ষকদের বদলি শুরু হচ্ছে শিগগিরই: শিক্ষামন্ত্রী - Pundro TV
শনিবার, ০২ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন



বেসরকারি শিক্ষকদের বদলি শুরু হচ্ছে শিগগিরই: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২ মে, ২০২৬

বেসরকারি এমপিওভুক্ত বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের বদলি খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে। শিক্ষাখাতকে আরও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়াকে আনন্দময় করে তোলা হবে। ভবিষ্যতে দেশ গড়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, মেয়েদের জন্য ফ্রক, জুতা ও ব্যাগ দেওয়া হবে এবং মিড ডে মিল্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

খেলায় বালিকা গ্রুপে আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক গ্রুপে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ফাইনালে বালক কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাজমুন নাহার বেবী।

এর আগে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কচুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়ও প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।

তিনি বলেন, জনগণের জন্য কাজ করে যাচ্ছে সরকার। কচুয়া উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করা হবে এবং অপরাধ ও মাদক নির্মূলে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজ আহমেদ মানিক এর সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আশিক

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST