বগুড়ায় বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় কলেজের সৈয়দ মুজতবা আলী ভবনের গণিত বিভাগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও শুভসংঘের উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম।
আলোচনা সভায় মাদকদ্রব্যের ক্ষতিকর দিক তুলে ধরে বক্তারা বলেন, মাদক কেবল ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পারিবারিক সচেতনতা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বিশেষ করে সন্তানদের চালচলন ও বন্ধু-বান্ধবদের সম্পর্কে অভিভাবকদের সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম তার বক্তব্যে মাদকের উপসর্গ, সেবনের কুফল এবং এ সংক্রান্ত আইন ও শাস্তির বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি এবং সামাজিক আন্দোলনের মাধ্যমেই একে নির্মূল করা সম্ভব।
বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুনিরুজ্জামান মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক আলম মন্ডল, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান এবং দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তহমিদুর রহমান।
সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু সায়েম নিশাত, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালহা, দপ্তর সম্পাদক মোহাম্মাদ রমজানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষা উপকরণ (খাতা, কলম ও জ্যামিতি বক্স) উপহার দেওয়া হয়। পরে কলেজ চত্বরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন আয়োজকরা।
বিডি-প্রতিদিন/টিএ