1. shahajahanbabu@gmail.com : admin :
সুদানে আধাসামরিক বাহিনীর হাতে জিম্মি হাজার হাজার বাসিন্দা - Pundro TV
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন



সুদানে আধাসামরিক বাহিনীর হাতে জিম্মি হাজার হাজার বাসিন্দা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সুদানে হাজারো বাসিন্দাকে অমানবিক পরিবেশে আটক করে রেখেছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। দেশটির পশ্চিমাঞ্চলের এল-ফাশার শহরে তাদের আটকে রাখা হয়েছে। স্থানীয় একটি এনজিও এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, শহরের বিভিন্ন আটককেন্দ্রে ২০ জন চিকিৎসক, ১ হাজার ৪৭০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং ৯০৭ সামরিক সদস্যকে ‘ভয়াবহ’ পরিস্থিতিতে রাখা হয়েছে। আরএসএফের বিরুদ্ধে আফ্রিকার এই দেশে চলমান সংঘাতে বহু মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। দেশটিতে সংঘাতের তিন বছর পূর্ণ হয়েছে।

অক্টোবরের শেষ দিকে শহরটির পতন ঘটে। এর আগে এল-ফাশার ছিল দারফুর অঞ্চলে সুদানের সেনাবাহিনীর শেষ ঘাঁটি। অঞ্চলটিতে ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ এবং সুদানিজ আর্মড ফোর্সেসের মধ্যে তীব্র গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের মতে, এতে লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

এনজিওটি তাদের বিবৃতিতে জানিয়েছে, এল-ফাশারের আটককেন্দ্রগুলোতে আরএসএফ গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে। এর মধ্যে নির্যাতন, জিজ্ঞাসাবাদের সময় হত্যা এবং জাতিগতভাবে প্ররোচিত হত্যাকাণ্ডও রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩৭০ নারী এবং ৪২৬ শিশু রয়েছে। তাদের শাল্লা কারাগার, একটি শিশু হাসপাতাল এবং পণ্যবাহী কনটেইনারসহ বিভিন্ন স্থানে আটকে রাখা হয়েছে।

নেটওয়ার্কটি বলেছে, বন্দিদের মাঠেই মৃত্যুদণ্ডসহ গুরুতর নির্যাতনের শিকার হতে হচ্ছে এবং গোলাবর্ষণে আহত হলেও তারা কোনো চিকিৎসা পাচ্ছে না। ফেব্রুয়ারির শুরু থেকে আটককেন্দ্রগুলোতে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নোংরা পরিবেশ, বিশুদ্ধ পানির অভাব এবং অপুষ্টির কারণে রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। চিকিৎসকদের আটক এবং চিকিৎসা সরঞ্জামের চরম সংকট স্বাস্থ্য খাতকে কার্যত অচল করে দিয়েছে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, এই প্রতিবেদনে শহর দখলের সময়কার সহিংসতা এবং পরবর্তী মানবিক ও স্বাস্থ্য পরিস্থিতির অবনতির মধ্যে স্পষ্ট সম্পর্ক উঠে এসেছে। তবে এ বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সাধারণ মানুষও চলমান লড়াইয়ের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। সোমবার সুদানের আইন সহায়তা সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স জানায়, মধ্য দারফুরের রাজধানী জালিঙ্গেইয়ের কাছে হামিদিয়া শরণার্থী শিবিরে সুদানি সেনাবাহিনীর হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং আরও অনেক আহত হয়েছেন। সংগঠনটি জানিয়েছে, গোলাবর্ষণে শরণার্থী শিবিরেরবহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST