1. shahajahanbabu@gmail.com : admin :
ইউপি সদস্যকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি - Pundro TV
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন



ইউপি সদস্যকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের রামুতে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে অপহরণের খবর পাওয়া গেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত রুস্তম আলী রামুর ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রুস্তম আলী ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া এলাকায় পৌঁছলে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গহিন পাহাড়ে চলে যায় অপহরণকারীরা। ঘটনার কিছু সময় পরই রুস্তম আলীর পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

এলাকায় একজন জনপ্রতিনিধি অপহৃত হওয়ার সংবাদে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ঈদগাঁও-ঈদগড় সড়কের এই অংশে দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটছে। আজ একজন জনপ্রতিনিধি অপহরণের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা দ্রুত তাকে উদ্ধারের দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এই সড়কটি এখন ‘আতঙ্কের রুটে’ পরিণত হয়েছে। দিনের আলোতে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ঈদগড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপহৃতকে উদ্ধারে দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি শুরু করেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি যে, অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপহৃত ইউপি সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধারে আমাদের একাধিক টিম সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST