বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করার অভিযোগ উঠেছে পাকিস্তানের এক পোশাক সংস্থার বিরুদ্ধে।বিনা অনুমতিতে অভিনেত্রীর বিভিন্ন লুকে নিজেদের ব্র্যান্ডের পোশাক বসিয়ে প্রচার চালাচ্ছে সংস্থাটি। বিষয়টি স্যোশাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর আলিয়ার ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, পাকিস্তানের ওই পোশাক ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আলিয়ার একাধিক ছবি দেখা যাচ্ছে। সেখানে অভিনেত্রীকে বিভিন্ন রঙের সিল্কের পোশাকে দেখা গেলেও ছবিগুলো মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় সেগুলো এআই দিয়ে তৈরি।
আলিয়ার লরিয়েল প্যারিস র্যাম্প ওয়াক, মিলান ফ্যাশন উইক এবং ডিজাইনার সব্যসাচীর ফটোশুটের ছবিগুলোকে বিকৃত করে নিজেদের ব্র্যান্ডের পোশাক যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপনের ক্যাপশনে দাবি করা হয়েছে, আলিয়া নিজেও এই পোশাকগুলো দেখলে পছন্দ করবেন।
আলিয়ার ভক্তরা এই বিষয়টিকে ‘প্রতারণা’ ও ‘নিম্নমানের মার্কেটিং’ হিসেবে অভিহিত করেছেন। অনেক অনুরাগী আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বর্তমানে বলিউডের অনেক তারকা নিজেদের কণ্ঠ বা ছবি বিনা অনুমতিতে ব্যবহার রোধে আইনি ব্যবস্থা নিচ্ছেন। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বেশ কয়েকজন তারকা ইতোপূর্বে ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন।







