1. shahajahanbabu@gmail.com : admin :
আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ - Pundro TV
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন



আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

আসন্ন ফিফা বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ এসেছে। টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো গুরুতর ইনজুরিতে পড়ায় তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। খবর গোল ডটকমের।

রোববার (১২ এপ্রিল) প্রিমিয়ার লিগে টটেনহ্যাম বনাম সান্ডারল্যান্ড ম্যাচে ভয়াবহ এক সংঘর্ষে আহত হন রোমেরো। ম্যাচে শুরুতেই নর্ডি মুকিয়েলের গোলে পিছিয়ে থাকা টটেনহ্যাম আরও বড় ধাক্কা খায় এই ঘটনায়।

প্রতিবেদনে বলা হয়, সান্ডারল্যান্ডের ব্রায়ান রোবি বল দখলের সময় অনিচ্ছাকৃতভাবে রোমেরোকে ধাক্কা দেন, যার ফলে তিনি গোলকিপার অ্যান্টোনিন কিনস্কির সঙ্গে জোরে ধাক্কা খান। ঘটনার পর দীর্ঘ সময় মাঠেই চিকিৎসা দেওয়া হয় রোমেরোকে। পরে তাকে কান্নাজড়িত অবস্থায় স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেওয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার হাঁটুতে গুরুতর ইনজুরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আসন্ন স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করছে তার বিশ্বকাপে খেলা।

টটেনহ্যাম কোচ রবার্তো ডি জার্বি ক্লাবের ওয়েবসাইটে বলেন, এখনই কিছু নিশ্চিত বলা যাচ্ছে না। আগামী কয়েক দিনে আমরা পরিস্থিতি বুঝতে পারব। আমি আশা করি এটি বড় কোনো সমস্যা নয়, কারণ সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

আর্জেন্টিনার জাতীয় দলের সংবাদে বিশেষজ্ঞ সাংবাদিক গাস্তন ইদুল সামাজিক মাধ্যমে জানান, রোমেরোর হাঁটুতে অস্থিরতা দেখা গেছে এবং তার লিগামেন্ট পরীক্ষা করা হবে। তার আশঙ্কা, এটি মেনিসকাস বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর ইনজুরি হতে পারে। ফলে আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ডিফেন্ডারের বিশ্বকাপে খেলা নিয়ে এখন বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপ ড্র অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে। যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে এই আসর।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST