1. shahajahanbabu@gmail.com : admin :
চোখের ড্রপ ব্যবহারের নিয়মকানুন - Pundro TV
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন



চোখের ড্রপ ব্যবহারের নিয়মকানুন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

চোখের রোগের চিকিৎসায় আই ড্রপ সবচেয়ে বেশি ব্যবহৃত ও কার্যকর একটি মাধ্যম। বিশেষ করে গ্লুকোমা রোগে ব্যবহৃত অ্যান্টি-গ্লুকোমা ড্রপ এবং চোখের সংক্রমণে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ড্রপ দৃষ্টি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অনেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করেন আর তা হলোÑ ড্রপ খোলার পর কতদিন পর্যন্ত তা নিরাপদে ব্যবহার করা যায়।

চোখের ড্রপ একবার খোলার পর সাধারণত সর্বোচ্চ এক মাস ব্যবহার করা নিরাপদ। এর কারণ হলো, বোতল খোলার পর প্রতিবার ব্যবহারের সময় ভেতরে বাতাস প্রবেশ করে এবং ড্রপারের মুখে বাইরের জীবাণু, যেমনÑ ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস লেগে যেতে পারে। ধীরে ধীরে এই জীবাণুগুলো ড্রপের ভেতরে বৃদ্ধি পেতে শুরু করে, যা ব্যবহারকারীর চোখে নতুন সংক্রমণের ঝুঁকি তৈরি করে। অন্যদিকে, অ্যান্টিবায়োটিক ড্রপ জীবাণু ধ্বংসের জন্য তৈরি হলেও দীর্ঘদিন খোলা অবস্থায় থাকলে এর কার্যকারিতা কমে যেতে পারে।

একইভাবে গ্লুকোমার ড্রপও দীর্ঘদিন ব্যবহারের ফলে রাসায়নিক স্থিতিশীলতা হারাতে পারে, ফলে চিকিৎসার প্রত্যাশিত ফল পাওয়া যায় না। তাই এক মাস পর ড্রপ ব্যবহার করা অনুচিত, এমনকি বোতলে ওষুধ অবশিষ্ট থাকলেও তা ফেলে দেওয়া উচিত।

বর্তমানে আধুনিক প্রযুক্তিতে তৈরি কিছু আই ড্রপে বিশেষ এয়ার-ফিল্টার সিস্টেম থাকে, যা বাইরের বাতাস ও জীবাণুর প্রবেশ অনেকাংশে প্রতিরোধ করে। এসব ড্রপ তুলনামূলকভাবে দীর্ঘ সময় নিরাপদ ও কার্যকর থাকতে পারে। তবে এ ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা জরুরি।

চোখের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, বোতল খোলার তারিখ লিখে রাখা উচিত, যাতে ব্যবহারকাল নির্ধারণ সহজ হয়। দ্বিতীয়ত, এক মাস পার হলে ড্রপ ফেলে দিতে হবে। তৃতীয়ত, ড্রপারের মুখ কখনও চোখ, পাপড়ি বা আঙুলে স্পর্শ করানো যাবে না। চতুর্থত, ড্রপ দেওয়ার আগে ভালোভাবে হাত ধুতে হবে। পঞ্চমত, একাধিক ড্রপ ব্যবহার করলে প্রতিটির মাঝে অন্তত পাঁচ মিনিট বিরতি রাখা উচিত। ষষ্ঠত, শিশু ও বৃদ্ধ রোগীর ক্ষেত্রে ব্যবহারকালে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।

চোখের সুস্থতা বজায় রাখতে শুধু সঠিক ওষুধ ব্যবহার করাই যথেষ্ট নয়, সঠিক নিয়মে তা ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ। মেয়াদোত্তীর্ণ বা দীর্ঘদিন খোলা আই ড্রপ ব্যবহার করলে রোগ নিরাময়ের বদলে উল্টো সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই সচেতন থাকুন, নিয়ম মেনে চলুন এবং প্রয়োজনে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। দৃষ্টি মানুষের অমূল্য সম্পদ। এটি একবার ক্ষতিগ্রস্ত হলে পুনরুদ্ধার সবসময় সম্ভব হয় না। তাই সময় থাকতে চোখের যথাযথ যত্ন নেওয়া জরুরি।

লেখক : অধ্যাপক এবং চক্ষুরোগ বিশেষজ্ঞ

পরিচালক, বাংলাদেশ আই হসপিটাল

মালিবাগ মোড়, ঢাকা

হটলাইন : ০৯৬১৩৯৬৯৬৬৬

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST