আইসিটি ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ |
উইন্ডোজ ১০ সংস্করণের কারিগরি পরিষেবা শেষ হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন কয়েক কোটি গ্রাহক, বিশেষ করে যাদের পিসিতে উইন্ডোজ ১১ সংস্করণ সমর্থন করে না।
এমন পরিস্থিতিতে গুগল বিকল্প নির্দেশনা দিয়েছে। সংস্থাটি বলছে, তারা বিনামূল্যে অপারেটিং সিস্টেম আপগ্রেডের সুযোগ তৈরি করে দেবে। দাবি করে গুগল বলছে, বর্তমানে ব্যবহৃত ৫০ কোটি উইন্ডোজ ১০ আর ১১ সংস্করণ আপগ্রেড করা প্রায় অসম্ভব। এসব ভুক্তভোগীর জন্যই আনা হয়েছে ক্রোমওএস ফ্লেক্স সংস্করণ। এটি প্রধানত ক্লাউডকেন্দ্রিক অপারেটিং পরিষেবা দেবে, যা পুরোনো পিসি আর ম্যাককেও নতুন করে ব্যবহারযোগ্য করতে সহায়ক হবে। বিশেষ বার্তায় গুগল বলছে, এই সিস্টেম ব্যবহার করলে পুরোনো, সাপোর্টহীন ল্যাপটপ বা ডেস্কটপকে সুরক্ষিত আর কার্যকর ডিভাইসে রূপান্তর করা যাবে।
সবচেয়ে জরুরি বিষয় হলো, গুগল এই আপগ্রেড করে দেবে অনেকটা বিনামূল্যে। এই পরিষেবাকে সহজলভ্য করতে গুগল ব্যাক মার্কেটের সঙ্গে অংশীজন হয়েছে। তারা ক্রোমওএস ফ্লেক্স সংস্করণ দিয়ে ইউএসবি কিট চালু করেছে। বিশেষ এই কিটের মাধ্যমে সহজেই নতুন অপারেটিং সিস্টেম যে কোনো ডিভাইসে ইনস্টল করা যাবে। কারিগরি জটিলতা না জেনেও সাধারণ যে কেউ এটি ব্যবহার করার সুযোগ পাবেন। তবে ইউএসবি কিটটি একেবারে বিনামূল্যে দেওয়া হবে, তা কিন্তু নয়। খরচ হবে তিন ডলারের কাছাকাছি। কিন্তু অপারেটিং সিস্টেম ইনস্টল করতে কোনো ব্যয় হবে না। আর একটি কিট কয়েকবার ব্যবহারযোগ্য।
উইন্ডোজ ১০ সংস্করণের কারিগরি সাপোর্ট বন্ধ হওয়ার ফলে অনেকে এখন পড়েছেন নিরাপত্তা ঝুঁকিতে। কারণ, নতুন আরেকটি ডিভাইস কেনা অনেকের পক্ষে কঠিন। এমন পরিস্থিতিতে ক্রোম অপারেটিং সিস্টেমের অন্তর্ভুক্ত ফ্লেক্স সংস্করণ সুলভ বিকল্প হিসেবে সামনে আসছে। সংস্থাটি বলছে, নতুন ল্যাপটপ তৈরি করতে যে পরিমাণ কার্বন নির্গমন হয়, তা কমাতে সহায়ক হবে এমন উদ্যোগ। যদি যত্ন করে পুরোনো ডিভাইস বেশিদিন ব্যবহার করা যায়, এতে ই-আবর্জনা অনেকাংশ কমবে।
অন্যসব অপারেটিং সিস্টেমের তুলনায় ক্রোম অপারেটিং সিস্টেম গড়ে ১৯ শতাংশ কম শক্তির অপচয় করে। এই অপারেটিং সিস্টেম মূলত তাদের জন্য যথার্থ, যারা অনেক বেশি ইন্টারনেটকেন্দ্রিক কাজ করে। এসব কাজের মধ্যে রয়েছে ইমেইল, ভিডিও কল, অনলাইন ডকুমেন্ট সম্পাদনা, স্ট্রিমিং আর ওয়েব ব্রাউজিং। কিন্তু যারা নির্দিষ্ট উইন্ডোজ সফটওয়্যারের ওপর নির্ভরশীল, সেসব গ্রাহকের জন্য ক্রোম প্রদেয় অপারেটিং সিস্টেমে কিছু সীমাবদ্ধতা রয়েছে।
কারণ, ক্রোম ফ্লেক্স কোনোভাবেই উইন্ডোজের পুরোপুরি বিকল্প সমাধান নয়। আদতে গুগল কিট মাইক্রোসফট উইন্ডোজ ১০ সংস্করণে কাজ চালিয়ে যাওয়ার মতো কিছু সহজ ও তাৎক্ষণিক সমাধান দেবে।