1. shahajahanbabu@gmail.com : admin :
যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে : পররাষ্ট্রমন্ত্রী - Pundro TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন



যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বিশ্বব্যাপী জ্বালানি সংকট রয়ে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সংকট মোকাবিলায় ভারত মহাসাগরের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

ড. খলিলুর রহমান বলেন, ‘ভারত মহাসাগরীয় অঞ্চল এক উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে জ্বালানি সংকট দেশগুলোর অর্থনীতি ও সমাজকে হুমকির মুখে ফেলছে। এই সময়ে এ অঞ্চলের দেশগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। অপরের প্রয়োজন উপলব্ধি করতে হবে এবং সম্মিলিত সম্পদকে স্বীকৃতি দিতে হবে।

’বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার পুরো কাঠামো নতুন করে পর্যালোচনার দাবি রাখে উল্লেখ করে তিনি বলেন, ‘বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের দীর্ঘদিনের প্রচলিত ধারণাগুলো পরিবর্তিত হচ্ছে। তাই সামাজিক-অর্থনৈতিকভাবে প্রান্তিক ও পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বিশাল অংশকে কীভাবে সর্বোত্তম সুরক্ষা দেওয়া যায়, উন্নয়নমূলক অর্জনগুলো কীভাবে রক্ষা করা যায় এবং সংকটগুলো কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে ভাবা ক্রমশ জরুরি হয়ে পড়ছে।’

সম্মেলনে তিনি উল্লেখ করেন, তারেক রহমান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) সম্প্রসারণ এবং বাংলাদেশকে একটি ‘সুপার সোর্সিং হাব’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। এর মাধ্যমে দেশকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও ডিজিটাল বাণিজ্যের সঙ্গে আরও সংযুক্ত করার লক্ষ্য রয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো এবং এসএমই খাতে উদ্ভাবন জোরদার করা প্রয়োজন।

এ সময় তিনি আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার এবং বিদ্যমান সমন্বয় কাঠামো পুনর্বিবেচনার ওপরও গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST