আইপিএলের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, চারদিকে হাজারো দর্শকের উন্মাদনা,তারই মাঝে গ্যালারিতে আবির্ভূত হলেন তিনি। দীর্ঘ সময় রুপালি পর্দা থেকে দূরে থাকলেও, তার গ্ল্যামার আর সেই ভুবনভোলানো টোল পড়া হাসি আজও কোটি ভক্তের হৃদয়ে দোলা দেয়। তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালিক ও বলিউড ডিভা প্রীতি জিনতা। তবে এবার কেবল হাসিতেই নয়, প্রীতি আলোচনার ঝড় তুলেছেন তার হাতের একটি দুর্মূল্য ঘড়ি দিয়ে, যার আকাশচুম্বী দাম শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
সম্প্রতি আইপিএলের একটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়ে নজর কাড়লেন প্রীতি। দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী,সেসময় তার হাতে শোভা পাচ্ছিল ফ্রান্সের বিশ্বখ্যাত বিলাসবহুল ব্র্যান্ড ‘প্যান্থার ডে কার্টিয়ার’-এর একটি ঘড়ি। যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা।
জানা যায়, তৈরি হয়েছে উজ্জ্বল সলিড গোল্ড দিয়ে। এতে কার্টিয়ারের স্বাক্ষর রয়েছে; যার কোণাগুলো কিছুটা গোলাকার, রোমান সংখ্যার ঘণ্টা চিহ্ন, প্যান্থার-অনুপ্রাণিত একটি স্লিক ব্রেসলেট—যা ঘড়ি ও ফাইন জুয়েলারির মাঝামাঝি অনন্য এক সৌন্দর্য তৈরি করেছে। এ ঘড়ির মূল্য ৩৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৬ লাখ ১৬ হাজার টাকা)।
তবে হাতে লাখ টাকার ঘড়ি থাকলেও প্রীতির সাজপোশাকে ছিল আভিজাত্য মেশানো সারল্য। দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে তিনি পরেছিলেন, লাল রঙের টি-শার্ট। টি-শার্টে লেখা—’পাঞ্জাবের সিংহ।‘ এর সঙ্গে বেছে নেন আরামদায়ক সবুজ জগারস, লাল-সাদা রঙের পাঞ্জাব কিংস বোম্বার জ্যাকেট, যা দলের রঙের সঙ্গে মানানসই।
প্রসঙ্গত, প্রীতি ভক্তদের জন্য আরও একটি সুসংবাদ রয়েছে। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার পর দীর্ঘ ৮ বছর রূপালি পর্দায় তাকে দেখা যায়নি। তবে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
খুব শীঘ্রই প্রীতি বড় পর্দায় ফিরছেন আমির খান প্রযোজিত ‘লাহোর ১৯৪৭’ সিনেমার মাধ্যমে। এই ছবিতে বহু বছর পর আবার সানি দেওলের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।