সাধারণত ডুবো তেলে ভাজা যে কোনো খাবারই ওজন, সুগার ও কোলেস্টেরল বৃদ্ধির জন্য দায়ী। কিন্তু আলু-পটোল-বেগুন ভাজার সঙ্গে সম্পর্কছেদ করা যায় না। তাই একটু সচেতন হওয়া উচিত। ভাজাভুজি বা ডুবো তেলে খাবার খেলেও সঠিক কিছু কৌশল অবলম্বন করলে আপনার শরীরে অতিরিক্ত তেল ঢোকা কমানো সম্ভব। রান্নার তাপমাত্রা সঠিক রাখা, খাবার ঠান্ডা অবস্থায় না ভাজা এবং ভাজার পর তেল ঝরিয়ে নিলে ভাজা খাবারে তেলের পরিমাণ কম থাকে।
যতই গ্যাসের আকাল থাকুক, বাঙালির প্রথম পাতে ভাজাভুজি চাই। পাঁচ রকমের ভাজা না হলেও আলু ভাজা থাকতেই হয়। কিন্তু গ্যাসের কথা না-ই বা চিন্তা করলেন, স্বাস্থ্যের কথা ভাবতেই হবে। শুধু যে ফ্রায়েড চিকেন বা ফিশ ফ্রাই খেলেই কোলেস্টেরল বাড়ে, তা কিন্তু নয়।
চলুন জেনে নেওয়া যাক, কোন কৌশল কাজে লাগালে আপনার শরীরে কম তেল ঢুকবে—
পরিষ্কার কড়াই ব্যবহার
পরিষ্কার কাস্ট আয়রন কড়াই ব্যবহার করুন। এতে পোড়া কিংবা পুরোনো খাবারের আস্তরণ থাকলে, তা বেশি তেল শোষণ করে থাকে। আর খাবারের স্বাদও নষ্ট হয়ে যায়। তাই ভাজাভুজি রান্নার আগে কড়াই ভালো করে পরিষ্কার করে নিন।
ব্যাটার হবে পাতলা
আপনি চপ যে বেসনের মিশ্রণে ডুবিয়ে ভাজছেন, সেটি যত পাতলা হবে তত ভালো। এমনকি কাটলেট তৈরির সময়েও ব্রেডক্রাম্বস, ওটস কম ব্যবহার করুন। কারণ ব্যাটার ও কোটিং মোটা হলে তাতে বেশি তেল টেনে নেয়। ময়দা ও চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ারের ব্যাটার হলে তাতে তেল শোষণের ক্ষমতা কম থাকে।
তেলের পরিমাণ ও তাপমাত্রার দিকে নজর
একসঙ্গে অনেকটা তেল কড়াইতে ঢালবেন না। যেটুকু প্রয়োজন, ততটুকু তেল নিন। প্রয়োজন পড়লে পরে নেবেন। এর পাশাপাশি তেল ভালোভাবে গরম হওয়ার পরেই কড়াইতে খাবার ছাড়ুন। ঠান্ডা তেলে খাবার ছাড়লে তাতে তেল জমে থাকার আশঙ্কা বেশি থাকে। আর আগে ব্যবহার করা তেল কিংবা পোড়া তেল দ্বিতীয়বার ব্যবহার করবেন না।
ভরসা এয়ার ফ্রায়ারের
গ্যাসের আকাল চলছে। ইন্ডাকশন ও মাইক্রোওভেনের রমরমা সর্বত্র। তবে ভাজাভুজি খাওয়ার জন্য এয়ার ফ্রায়ারকে টেক্কা কেউ দিতে পারবে না। এই যন্ত্র অল্প তেলেই ভাজাভুজি বানাতে সাহায্য করে। সামান্য তেল ব্রাশ দিয়ে সবজি বা মাছ-মাংসের গায়ে মাখিয়ে দিলেই কাজ শেষ। কিন্তু যাদের হেঁশেলে এ যন্ত্র নিয়ে তারা কী করবেন?
অর্ধ সিদ্ধ রাখুন
বেগুন, কুমড়া বাদে যে কোনো সবজি ও মাছ-মাংস আগে থেকে সিদ্ধ করে রেখে দিন। অর্ধ সিদ্ধ মাছ-মাংস ব্যাটারে ডুবিয়ে সহজেই ভেজে নিতে পারেন। এতে ভাজতে কম সময় লাগবে এবং তেলও কম খাবে।
হাতের কাছে রাখুন পেপার টাওয়াল
ভাজাভুজি রান্না করার সময় হাতের কাছে পেপার টাওয়াল রাখুন। কড়াই থেকে গরম পকোড়া, কাটলেট, চপ তুলেই টিস্যুর ওপর রেখে দিন। পেপার টাওয়াল কিংবা টিস্যু না থাকলে খবরের কাগজও ব্যবহার করতে পারেন। এতে কাগজ অতিরিক্ত তেল শুষে নেয়।