1. shahajahanbabu@gmail.com : admin :
এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি : কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা মাউশির - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন



এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি : কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা মাউশির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সারা দেশে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থান নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এই পাবলিক পরীক্ষাকে ঘিরে সম্প্রতি মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি কঠোরভাবে অনুসরণের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। অচল ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে এবং ধারণকৃত ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করে প্রয়োজন হলে কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।পরীক্ষার্থীদের নকল বা অসদুপায় ঠেকাতে বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি নিশ্চিত করতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে নারী শিক্ষকের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া প্রতিটি কক্ষে কাটাওয়ালা ঘড়ি স্থাপন, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষার হলে অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রের নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন নিশ্চিত করতে হবে।

পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে।

মাউশি জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST