সাভারের জাতীয় স্মৃতিসৌধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীশেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে গ্রেপ্তার মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় রফিকুল ইসলাম ওরফে দুর্জয়কে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গতকাল শুক্রবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই রিমান্ডের আদেশ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফুল দিতে গিয়ে তারা আটক হন। এরপর তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।
আজ তাদের আদালতে হাজির করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ২২/২৫ জন নেতাকর্মী দেশের বর্তমান আইনশৃঙ্খলার অবনতি ঘটানোসহ দেশের অভ্যন্তরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির জন্য শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড ব্যবহার করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ নির্বাচনের অবৈধ সরকার. মানি না, মানবো না’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ মর্মে স্লোগান দেয় এবং স্মৃতিসৌধে অবস্থান করে। দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোসহ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির লক্ষে স্মৃতিসৌধে একত্রিত হয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়।