1. shahajahanbabu@gmail.com : admin :
বাস ভাড়া বেশি নেওয়ায় অর্ধলাখ টাকা জরিমানা - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন



বাস ভাড়া বেশি নেওয়ায় অর্ধলাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত বাস ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সার্ভিসের একটি বাসের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার পর উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, চৌরাস্তা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী প্রতি নির্ধারিত ভাড়া ৩৫০ টাকা হলেও বাসে আদায় করা হচ্ছিল ৫০০ টাকা। শুক্রবার বিকালে বিষয়টি এক ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের নজরে আনেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে বাস কাউন্টারে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ঘটনাস্থলেই সংশ্লিষ্ট সুপারভাইজারকে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গণপরিবহনে বাড়তি ভাড়া বন্ধে আমরা চেক করছি। বাড়তি ভাড়ার সত্যতা পেয়ে জরিমানা করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST