1. shahajahanbabu@gmail.com : admin :
পারিশ্রমিক কম হলেও পিএসএল ছেড়ে আইপিএলকে বেছে নিলেন অস্ট্রেলিয়ান পেসার - Pundro TV
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন



পারিশ্রমিক কম হলেও পিএসএল ছেড়ে আইপিএলকে বেছে নিলেন অস্ট্রেলিয়ান পেসার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬

স্পেনসার জনসন অবাক করলেন বলতে হয়। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চেয়ে কম পারিশ্রমিক পাবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তবু ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকেই বেছে নিলেন এই অস্ট্রেলিয়ান পেসার। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে তাঁকে।

নাথান এলিসের বদলি হিসেবে এবারের আইপিএলের জন্য জনসনকে নিয়েছে চেন্নাই। এই পেসারের জন্য পাঁচবারের চ্যাম্পিয়নদের খরচ হবে ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি বা ১ লাখ ৬০ হাজার ডলার। এর আগে ৫ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপিতে পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে চুক্তি করেছিলেন জনসন। ডলারের অঙ্কে যা প্রায় ২ লাখের কাছাকাছি। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন। জনসনের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফকে দলে নেয় কোয়েটা।আইপিএলের গত মৌসুমের নিলাম থেকে ২ কোটি রুপিতে এলিসকে দলে নিয়েছিল চেন্নাই। এবারের মৌসুমের জন্যও তাঁকে ধরে রেখেছিল হলুদ জার্সিধারীরা। তবে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ নেতৃত্ব দেওয়ার পর হ্যামস্ট্রিং চোটে পড়ে আইপিএল থেকে ছিটকে যান এলিস। তাঁর অনুপস্থিতি চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ডেথ ওভারে এলিসের বোলিং দলকে বাড়তি সুবিধা দিতে পারত। সেই জায়গায় জনসন ভিন্ন ধরনের বোলার—গতি ও নতুন বলে সুইংই তার প্রধান শক্তি।

অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১৩টি সাদা বলের ম্যাচ খেলেছেন জনসন। টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১৪ উইকেট নেওয়া এই পেসারের ইকোনমি রেট ৮.৯৬। আইপিএলে তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো নয়। গুজরাট টাইটানস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে নিয়েছেন ৫ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ১০.৩৯ রান।

তৃতীয় ক্রিকেটার হিসেবে এবারের পিএসএল ছেড়ে আইপিএলে নাম লেখালেন জনসন। এর আগে চোট বদলি হিসেবে পিএসএল ছেড়ে ভারতীয় লিগে যোগ দেন ব্লেসিং মুজারাবানি (কলকাতা নাইট রাইডার্স) এবং দাসুন শানাকা (রাজস্থান রয়্যালস)। বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ইতোমধ্যে জানিয়েছেন, এভাবে চুক্তি ভেঙে পিএসএল ছেড়ে অন্য লিগে যোগ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। ভবিষ্যতে কঠোর নিয়ম আরোপে আইসিসির সহযোগিতাও চাইতে পারে পিসিবি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST