1. shahajahanbabu@gmail.com : admin :
তেল রিজার্ভ রেখে বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা - Pundro TV
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন



তেল রিজার্ভ রেখে বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় রিজার্ভ তেল রেখে গ্রাহকের কাছে বিক্রি না করার অভিযোগে মেসার্স পাইলট ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা মোতাবেক জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম রাফসান রাব্বির নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

জানা গেছে, মেসার্স পাইলট ফিলিং স্টেশন সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করে অনিয়মে জড়িত রয়েছে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনেরও প্রমাণ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক দুটি অপরাধে প্রতিষ্ঠানটিকে সর্বমোট ৫০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফসান রাব্বি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে সারা দেশে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করেছে সরকার। কোথাও কোথাও সীমিত সরবরাহ, অনিয়মিত বিক্রয় এবং অতিরিক্ত মুনাফা নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

এ অবস্থায় সরকার জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ, মজুতদারি রোধ এবং নির্ধারিত দামে বিক্রয় নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছে। দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে একাধিক অভিযান পরিচালনা করে অনিয়মে জড়িত ফিলিং স্টেশন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে মাঝে মধ্যে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে, যা নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, জনস্বার্থে জ্বালানি তেল বিক্রয়ে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST