1. shahajahanbabu@gmail.com : admin :
বাংলাদেশে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কার মেয়েরা - Pundro TV
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন



বাংলাদেশে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কার মেয়েরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা নারী দল। সেদিনই তারা রাজশাহীতে যাবে এবং দুই দিন অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম একদিনের ম্যাচ। একই মাঠে ২২ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। তিনটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

একদিনের সিরিজ শেষে ২৬ এপ্রিল সিলেটে যাবে সফরকারীরা। ২৭ এপ্রিল অনুশীলনের পর ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি–টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ও ২ মে। এই তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ শেষে ৩ মে দেশে ফিরবে শ্রীলঙ্কা দল।

বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা নারী দলের খেলতে আসা এবারই প্রথম নয়, তবে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ এই প্রথম।

এর আগে, ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজ, ২০১১ সালে বিশ্বকাপ বাছাই, ২০১৪ সালের বিশ্ব টি-টোয়েন্টি এবং ২০২২ সালের এশিয়া কাপেও বাংলাদেশে খেলেছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST