চৈত্রের প্রথম প্রহরেই টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় গাছের ডালপালা ভেঙে পড়ে এবং কোথাও কোথাও টিনের ঘরের চাল উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঝড়ের সময় বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এদিকে ঝড়ের কারণে কয়েকটি গ্রামীণ সড়কে গাছ পড়ে, যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। তবে ঝড় থেমে যাওয়ার পর স্থানীয় লোকজন দ্রুত গাছপালা সরিয়ে সড়ক সচল করার চেষ্টা করেন।
হঠাৎ এই কালবৈশাখী ঝড়ে সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও বৃষ্টির কারণে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।