মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ করা হয়েছে—এমন আলোচনা আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের দাবি নাকচ করে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, প্রণালিটি পুরোপুরি বন্ধ করা হয়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়নি। বরং পরিস্থিতিকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, বর্তমান পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। তার মতে, আন্তর্জাতিক পরিসরে এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা চলছে যেন মনে হয় ইরান বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটগুলোতে চলাচল বন্ধ করে দিয়েছে। আরাগচির ভাষায়, “সংঘাতকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি বিশ্বের বিরুদ্ধে ইরানের অবস্থান।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি। তবে বর্তমানে এই পথটি কেবল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-এর জাহাজের জন্য বন্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার মতে, অন্য দেশগুলোর জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির বড় একটি অংশ এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে থাকে। ফলে এই প্রণালির নিরাপত্তা ও চলাচল আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ইতোমধ্যে জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি নিয়ে যেকোনো খবর আন্তর্জাতিক বাজারে দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বক্তব্য অনুযায়ী, প্রণালিটি পুরোপুরি বন্ধ করা হয়নি—তবে বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নির্দিষ্ট কিছু দেশের জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা