1. shahajahanbabu@gmail.com : admin :
আরেকটি ভারত-আফ্রিকা ফাইনাল! - Pundro TV
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন



আরেকটি ভারত-আফ্রিকা ফাইনাল!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬

টুর্নামেন্টে এখনও সেরা ছন্দে দেখা যায়নি ইংল্যান্ডকে। ভারতও বেশ কয়েকটি ম্যাচে ছিল নড়বড়ে। তবে দুই দলই পৌঁছে গেছে সেমি-ফাইনালে। এই দুই দলের লড়াইয়ে আপাতত ভারতকে এগিয়ে রাখলেন গ্লেন ম্যাকগ্রা। শেষ চারের অন্য ম্যাচে তিনি সম্ভাব্য বিজয়ী দেখছেন দক্ষিণ আফ্রিকাকে। গত বিশ্বকাপের মতো এবারও ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল হবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার। কলকাতায় আজ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। পরদিন ফাইনালের ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। আহমেদাবাদে শিরোপা নির্ধারণী ম্যাচ আগামী রোববার।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ব্রিজটাউনের ওই ম্যাচে প্রোটিয়াদের হৃদয় ভেঙে নিজেদের দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ম্যাকগ্রার চাওয়া পূরণ হলে, টানা দ্বিতীয়বারের মতো দেখা যাবে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল। দল হিসেবে ইংল্যান্ডও বেশ শক্তিশালী এবং শিরোপার দাবিদার। কিন্তু এখনও পর্যন্ত নিজেদের সেরা রূপ দেখাতে পারেনি তারা। নেপালের বিপক্ষে তো হারতেই বসেছিল দলটি। পরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেই যায়। এরপর আর কোনো ম্যাচ হারেনি ইংলিশরা। শিরোপার ধরে রাখার অভিযানে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করে ভারত। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় তারা। এরপর ঘুরে দাঁড়িয়ে জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এখন শেষ চারের লড়াইয়ের অপেক্ষায় দলটি।গত বিশ্বকাপের সেমি-ফাইনালেও মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ভারত। ওই লড়াইয়ে ইংলিশদের ৬৮ রানে হারিয়েছিল রোহিত শার্মার দল। চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনে ম্যাকগ্রা বলেন, ইংল্যান্ড সেরা ছন্দ খুঁজে না পেলে ও ভারত নিজেদের স্বাভাবিক খেলা খেললে, এবারও দেখা যাবে একই চিত্র, ‘ইংল্যান্ড বিপজ্জনক দল। নিজেদের দিনে সত্যিই জ্বলে উঠতে পারলে যেকোনো কিছু করতে পারে তারা। তবে এবার তারা কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছে। নেপালের উচিত ছিল তাদেরকে হারানো। ইতালির বিপক্ষে ম্যাচটিও হাড্ডাহাড্ডি হয়েছে। তবে তারা জয়ের পথ খুঁজে নিয়েছে। সম্ভবত এটাই তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে যে, সেমি-ফাইনালের জন্য তারা সেরা অবস্থানে পৌঁছেছে। টুর্নামেন্ট জুড়ে ভারত যেভাবে খেলেছে এবং ইংল্যান্ড যেভাবে খেলেছে, মুখোমুখি দেখায় একই ধারায় খেললে ভারতের ফাইনালে যাওয়া উচিত। ফাইনালের জন্য আমি দক্ষিণ আফ্রিকা ও ভারতকে বেছে নেব।’বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠা একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। গত বিশ্বকাপেও অপরাজিত থেকে ফাইনাল খেলেছিল তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রোটিয়াদের এমন দাপট দেখতে ভালো লাগছে অস্ট্রেলিয়ান গ্রেট ম্যাকগ্রার, ‘কয়েক বছর আগে তারা বলেছিল, ভবিষ্যতে টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দেবে। এখন তাদের ভালো মারকুটে ব্যাটসম্যান আছে এবং বোলিং আক্রমণও ভালো।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার গ্রুপ পর্বেই দেখা হয়েছিল নিউজিল্যান্ডের। সেখানে পাত্তাই পায়নি তারা। ম্যাকগ্রার মতে, প্রোটিয়াদের সামনে এলেই কী যেন হয়ে যায় কিউইদেও, ‘দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হলে নিউ জিল্যান্ডের কিছু একটা হয়। দক্ষিণ আফ্রিকা সবসময়ই দাপটে জিতে যায়, আমি জানি না কেন এমন হয়।’
ভারতের বোলিং আক্রমণ নিয়ে বিশ্লেষণ করেন ম্যাকগ্রা। বিশেষ করে, জাসপ্রিত বুমরাহর উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, বড় ম্যাচে বড় কিছু করতে পারেন এই পেসার, ‘প্রথমত, টস জেতা এবং এরপর কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা গুরুত্বপূর্ণ। ভারতের বোলিং আক্রমণ ভালো। আর্শদিপ সিং ভালো করছে এবং বুমরাহ তো মানসম্মত। আর্শদিপ সম্ভবত ভারতীয় বোলারদের মধ্যে ছন্দে আছে, তবে বুমরাহ বড় ম্যাচের ক্রিকেটার। অনেক সময় গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরনের ক্রিকেটাররা নিজেদের সেরাটা বের করে আনে। বলছি না যে সাধারণ ম্যাচে মনোযোগ থাকে না, তবে বড় ম্যাচ, বড় মুহূর্তগুলো তারা পছন্দ করে। গুরুত্বপূর্ণ ম্যাচে সব সময়ই বুমরাহর ওপর আমার পূর্ণ আস্থা থাকে। আমি তার বড় ভক্ত।’তবে ম্যাকগ্রা যতই হিসেব-নিকেশে ভারতকে এগিয়ে রাখুক একজনের তা পছন্দ হচ্ছে না। তিনি মোহাম্মদ আমির। যিনি দলটির সেমিফাইনালে যাওয়া নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন, সূর্যকুমারের দল পারবে না বলে। বিশ্বকাপের সুপার এইট চলার সময় পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে সেই একই সঞ্চালক এবার আমিরকে বললেন, ‘আপনার ভবিষ্যদ্বাণী তো ভুল হয়ে গেল, ভারত সেমি-ফাইনালে পৌঁছে গেল। কি বলবেন?’ খুব একটা বিচলিত না হয়ে ব্যাখ্যা করলেন আমির। সঙ্গে শোনালেন এই আসরে ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে তার নতুন ভাবনা, ‘দেখুন, আমার বিশ্লেষণ ঠিকই ছিল। কিন্তু সাঞ্জু স্যামসন ভালো খেলে ফেলেছে। আমি এখনও বিশ্বাস করি, ভারত পরিপূর্ণ ক্রিকেট খেলছে না। আমার এরকমই মনে হয়। কেবল বুমরাহ ছাড়া ওদের কোনো বোলার ফর্মে নেই। ব্যাটিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, ধ্বস নামছেই। প্রতি ম্যাচেই ধ্বস নামছে। স্যামসনের প্রশংসা যত করা হোক, ততই কম হবে। সামনে সেমি-ফাইনাল, ইংল্যান্ডের সঙ্গে ভালো ম্যাচ। কে জানে কী হয়। তবে আমার এখনও বিশ্বাস, ফাইনালে ভারত খেলতে পারবে না।’
‘পরিপূণ’ ক্রিকেট নিয়ে আমিরের বিশ্লেষণের সঙ্গে দ্বিমত করার সুযোগ অবশ্য কমই। গত বিশ্বকাপের চ্যাম্পিয়নরা গত দেড় বছরে টি-টোয়েন্টিতে অসাধারণ ধারাবাহিকতায় সিরিজের পর সিরিজ দুর্দান্ত পারফর্ম করলেও বিশ্বকাপে তাদের সেই অপ্রতিরোধ্য চেহারা এখনও দেখা যায়নি। ব্যাটিংয়ে বেশ কয়েকজন তাদের সেরা চেহারায় নেই। বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নিজের সেরা ক্ষুরধার রূপে ততটা নেই। বোলিং আক্রমণের অন্যরাও অধারাবাহিক। আমিরের এবারের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, জানা যাবে আগামীকাল। মুম্বাইয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST