1. shahajahanbabu@gmail.com : admin :
একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে আর্থিক খাতের অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হলো - Pundro TV
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন



একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে আর্থিক খাতের অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হলো

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের আর্থিক খাতের শীর্ষ পদ নিয়ে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনা এবং তার ঋণখেলাপি কুশীলবরা এদেশের ব্যাংক খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গিয়েছিল। ঋণখেলাপিদের দুষ্টচক্রের জন্য বাংলাদেশকে আইএমএফসহ বিভিন্ন দেশের দ্বারে দ্বারে হাজির হতে হয়েছে আর্থিক খাতকে বাঁচিয়ে রাখতে। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই খাতকে টেনে তুলেছে মাত্র দেড় বছরে। রিজার্ভ দ্বিগুণ করে রেখে যাওয়াসহ খাদের কিনারায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসন করা হয়েছে।

তিনি আরো লেখেন, আর্থিক খাতে আরো জঘন্যভাবে কাজ শুরু করল বর্তমান সরকার। হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপিদের এমপি, মন্ত্রী বানিয়ে প্রথমেই আর্থিক খাতকে হুমকির মুখে ফেলা হলো। আজ একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে আর্থিক খাতের অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের মাধ্যমে ঋণখেলাপি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হলো বাংলাদেশের আর্থিক খাত। আবারো এর পরিণতি ভোগ করতে আমাদের, দেশের সাধারণ জনগণের। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ হাসিনার শাসনামলের শেষ সময়ের মতো দুঃস্বপ্নের দিনগুলো আবারো ফিরতে যাচ্ছে সম্ভবত।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972)-এর ১০(৫) ধারা অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST